এবার চিনির দাম বাড়ানোর পালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাল নিয়ে চালবাজি ও তেল নিয়ে তেলেসমাতির পর এবার চিনি নিয়ে দাম বাড়ানোর খেলা শুরু হয়েছে। গত মে-জুনে যে চিনি পাওয়া যেত ৪২ থেকে ৪৪ টাকা কেজি দরে, সেই চিনির বাজারদর এখন ৬০ থেকে ৬২ টাকা। এর মধ্যে গত এক মাসেই কেজিতে বেড়েছে পাঁচ টাকা।তবে এই বৃদ্ধিতেও সন্তুষ্ট নন চিনি পরিশোধন কারখানার মালিকেরা। তাঁরা চাইছেন আরও বাড়াতে। আর তাই তাঁরা নানা ফন্দিফিকির করছেন বলে জানা গেছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, গত ৩০ জানুয়ারি বাংলাদেশ চিনি পরিশোধনকারী কারখানা মালিক সমিতি বাণিজ্য মন্ত্রণালয়ে এক আবেদনে জানায়, চিনির আন্তর্জাতিক বাজার অস্থিতিশীল। তাই সহনীয় পর্যায়ে দাম রাখা সম্ভব হবে না।তবে বাণিজ্য মন্ত্রণালয় যাচাই করে দেখেছে, দাম বাড়ানোর কৌশল হিসেবে সমিতিটি আন্তর্জাতিক বাজারের যে দরের কথা উল্লেখ করেছে, তা ঠিক নয়। এতে কমপক্ষে ১০০ ডলার বাড়িয়ে দেখানো হয়েছে। কারখানার মালিকদের আবেদন তাই অগ্রাহ্য করা হয়েছে।এদিকে, জনগণকে সস্তা দরে খাওয়াতে গত বছরের ১৫ সেপ্টেম্বর থেকে চিনির ওপর শুল্ক প্রত্যাহার করে সরকার। অপরিশোধিত চিনির ওপর ধার্য করা প্রতি টনে দুই হাজার টাকা শুল্ক সম্পূর্ণই বাদ দেওয়া হয়েছে। আর পরিশোধিত চিনির ওপর ধার্য করা প্রতি টনে চার হাজার টাকা থেকে কমিয়ে করা হয়েছে দুই হাজার টাকা।কিন্তু প্রত্যাহারের কোনো প্রভাব নেই বাজারে। চিনির দর বাড়ছেই। চিনি পরিশোধন কারখানার মালিকেরা বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খানের সঙ্গে যতবারই বৈঠক করেছেন ততবারই বলেছেন, ভারতের বাজারে চিনির দাম বেশি। না বাড়ালে চিনি পাচার হয়ে যেতে পারে।কিন্তু ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য-উপাত্তে এ আশঙ্কার সত্যতা পাওয়া যায়নি। জানা যায়, বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোও একই রপ্তানি উৎস দেশ থেকে অপরিশোধিত ও পরিশোধিত চিনি আমদানি করে থাকে।গত ১৬ জানুয়ারি টিসিবি থেকে বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো এক তথ্য বিশ্লেষণে দেখা যায়, বাংলাদেশের ৫৫ থেকে ৫৭ টাকা দরের চিনির ভারতের বাজারদর ৩৪ রুপি বা ৫১ টাকা ৮৮ পয়সা। এক ভারতীয় রুপিকে বাংলাদেশি মুদ্রায় এক টাকা ৫২ পয়সা ধরা হয়েছে। সেই হিসাবে ভারতের তুলনায় বাংলাদেশে চিনির দর কেজিতেই বেশি পাঁচ টাকা।বাণিজ্য মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, ব্যবসায়ীদের কথা বিশ্বাস করেই শেষ পর্যন্ত চিনির ওপর শুল্ক প্রত্যাহার করে নিয়েছে সরকার, কিন্তু বাজারে তার প্রভাব দেখা যায় না।এদিকে চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্যও সমিতির পক্ষ থেকে সরকারকে চাপ দেওয়া হচ্ছে বলে জানা গেছে। সমিতির দাবি, দেশের চিনি পরিশোধনকারী কারখানাগুলোর বার্ষিক উৎপাদন ক্ষমতা ২৪ লাখ টন। আর দেশে চিনির চাহিদা হলো ১৩ থেকে ১৪ লাখ টন। কমপক্ষে ১০ লাখ টন বাড়তি চিনি উৎপাদনক্ষমতা থাকা সত্ত্বেও চিনি রপ্তানি করা যাচ্ছে না।বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত এক বছরে ২০টি সরবরাহ প্রতিষ্ঠানকে প্রায় দুই লাখ টন চিনি আমদানির অনুমোদন দেওয়া হলেও কেউ এক কেজি চিনিও সরবরাহ করতে পারেনি। যে কারণে কিছু সরবরাহকারীর জামানতের টাকা আটকে রাখা হয়েছে। তবে দেশীয় দুটি পরিশোধনকারী কারখানা ২০ হাজার টন চিনি সরবরাহ করেছে টিসিবিকে।এদিকে, বেশি সুদে ঋণ নিয়ে চিনিসহ অন্যান্য পণ্য আমদানি করতে হচ্ছে বলে ব্যবসায়ীদের দাবি মেনে গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংক একটি পরিপত্র জারি করেছে। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এবং পণ্যমূল্য সহনীয় রাখতে আমদানি পর্যায়ে সুদের হার ১২ শতাংশ নির্ধারণ করে দেওয়া হয়েছে।এদিকে বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগের তথ্য অনুযায়ী, গত জানুয়ারিতে বৃদ্ধি পাওয়া ১০ পণ্যের মধ্যে চিনিও রয়েছে। এতে বলা হয়, গত মাসে ২৫ নিত্যপণ্যের মধ্যে ১০টিরই দাম বেড়েছে, পাঁচটি কমেছে এবং ১০টির দাম অপরিবর্তিত।বাড়ার মধ্যে রয়েছে চাল, আটা, ভোজ্যতেল, চিনি, ডিম, শুকনা মরিচ, রসুন, চা, মুগ ডাল ও গম। বেড়েছে ২ থেকে ১২ দশমিক ৫০ শতাংশ পর্যন্ত। আর ৩ থেকে ৩৭ শতাংশ পর্যন্ত কমেছে আলু, পেঁয়াজ, আদা, হলুদ ও রুই মাছের দাম। মসুর ডাল, গরুর মাংস, লবণসহ ১০ পণ্যের দাম একই রকম আছে।