কর্মকর্তাদের বৈঠকের মধ্য দিয়ে সার্ক সম্মেলনের আনুষ্ঠানিকতা আজ শুরু
এবার জলবায়ু পরিবর্তন নিয়ে আলাদা ঘোষণা আসছে
ভুটানের রাজধানী থিম্পুতে আজ শনিবার শুরু হচ্ছে ষোড়শ সার্ক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিকতা। আজ দক্ষিণ এশিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তাদের অধিবেশনে সম্মেলনের বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এবারের সার্ক সম্মেলনে থিম্পু ঘোষণার পাশাপাশি মূল প্রতিপাদ্য জলবায়ু পরিবর্তন বিষয়ে একটি আলাদা ঘোষণা দেওয়ার কথাও রয়েছে। থিম্পুর কূটনৈতিক সূত্রগুলো গতকাল শুক্রবার প্রথম আলোকে জানায়, মন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে ভুটান ওই ঘোষণার প্রস্তাব দিয়েছে।এই প্রথম দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) শীর্ষ সম্মেলন হচ্ছে ভুটানে। ২৮ ও ২৯ এপ্রিল থিম্পুর গ্র্যান্ড অ্যাসেম্বলি হলে অনুষ্ঠিত হবে এই শীর্ষ সম্মেলন। সার্ক সম্মেলন আয়োজনকে কেন্দ্র করে সবুজ পাহাড়ঘেরা দেশটির জনগণের মধ্যে বয়ে যাচ্ছে আনন্দ। থিম্পুসহ আশপাশ এলাকায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বর্ণিল হয়ে উঠছে রাজধানী।আনুষ্ঠানিক বৈঠক আজ শুরু হলেও কর্মকর্তা পর্যায়ের আলোচনা গতকাল থেকেই শুরু হয়েছে। বৈঠক সূত্র জানায়, সম্মেলনে যেসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে, সে ব্যাপারে আলোচনা চলছে। আলোচনায় এসেছে থিম্পু ঘোষণা ছাড়াও আলাদা ঘোষণা, এ অঞ্চলের উন্নয়নে বিশিষ্ট ব্যক্তিদের যুক্ত করতে একটি ফোরাম গঠন, জলবায়ু পরিবর্তনে সম্মিলিতভাবে সময়সূচিভিত্তিক কার্যকর পদক্ষেপ নেওয়া প্রভৃতি বিষয়।আয়োজক ভুটান এবারের সম্মেলনের প্রতিপাদ্য করেছে ‘সবুজ ও সুখী দক্ষিণ এশিয়ার পথে’। দেশটি এ অঞ্চলের জলবায়ু সুরক্ষায় বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছে। পাশাপাশি জলবায়ুর ঝুঁকিতে থাকা দক্ষিণ এশিয়ার দেশগুলোর সম্মিলিত উদ্যোগের অংশ হিসেবে আলাদা ঘোষণার প্রস্তাব রয়েছে।উল্লেখ্য, ২০০৮ সালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় অনুষ্ঠিত সার্ক সম্মেলনে খাদ্যনিরাপত্তা বিষয়ে ছয় দফা কর্মকৌশলসংবলিত একটি যৌথ বিবৃতি দিয়েছিলেন শীর্ষ স্থানীয় আট নেতা। বিশ্বজুড়ে খাদ্যসংকটের পরিপ্রেক্ষিতে এ অঞ্চলে সংকট মোকাবিলায় প্রথমবারের মতো মূল ঘোষণার পাশাপাশি আলাদাভাবে ওই ঘোষণা দেওয়া হয়েছিল।জলবায়ু পরিবর্তনবিষয়ক ঘোষণা প্রসঙ্গে জানতে চাইলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, ভুটানের প্রস্তাবে বলা হয়েছে, সার্ক মন্ত্রীদের বক্তব্যে এমন দিকনির্দেশনা থাকা চাই, যার মাধ্যমে একটি কর্মপরিকল্পনার ভিত্তিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে পরিত্রাণের পথ খুঁজে পাওয়া যাবে। এ প্রসঙ্গে তিনি জানান, কলম্বোয় পঞ্চদশ সার্ক শীর্ষ সম্মেলনের ঘোষণায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করা হয়েছিল। তারই ধারাবাহিকতা থাকছে থিম্পুতে।দক্ষিণ এশিয়ার দরিদ্র মানুষের জীবন-মান উন্নয়নে এবার নিজেদের উন্নয়ন দর্শন্র‘সবার জন্য সুখ ও স্বাচ্ছন্দ্য’কে (গ্রস ন্যাশনাল হ্যাপিনেস—জিএনএইচ) এ অঞ্চলে ছড়িয়ে দিতে চায় ভুটান। তাই এ বিষয়টি সার্ক শীর্ষ সম্মেলনে অন্যতম প্রধান প্রস্তাব হিসেবে আলোচনায় আসছে। ভুটানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানান, সম্পদের সীমাবদ্ধতা আর পরিবেশের বৈরিতা মাথায় রেখে দেশে উন্নয়ন সূচিত হয়েছে। ‘জিএনএইচ’ দর্শন ভুটানে প্রাচীন সংস্কৃতি আর ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার চমৎকার মেলবন্ধন ঘটিয়েছে। কিন্তু দর্শনটি নিয়ে কখনো আঞ্চলিকভাবে কথা বলা হয়নি। তাই এ বিষয়ে ভুটান এবার গুরুত্ব দিচ্ছে।সময়সূচিতে পরিবর্তন: এবার সম্মেলনের অনুষ্ঠানসূচিতে পরিবর্তন আসছে। এর আগে প্রতিবার সম্মেলনের উদ্বোধনী অধিবেশন হয়েছে সকালে। থিম্পুর গ্র্যান্ড অ্যাসেম্বলি হলে ষোড়শ সার্ক সম্মেলনের উদ্বোধনী অধিবেশন হবে ২৮ এপ্রিল দুপুরে। থিম্পুর কূটনৈতিক সূত্রগুলো জানায়, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং দেরিতে ভুটানে আসার কারণে সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।শিল্পীর চোখে জলবায়ু পরিবর্তন: জলবায়ু পরিবর্তনকে মূল প্রতিপাদ্য করে তা শুধু আলোচনায় সীমিত থাকছে না।্রবর্তমানে বিশ্বের প্রধান আলোচিত বিষয়ে এবার সার্ক শীর্ষ সম্মেলনের সময় একটি শিল্প-কর্মশালারও আয়োজন করা হয়েছে। ‘শিল্পীর চোখে জলবায়ু পরিবর্তন’ শিরোনামে ১৯ এপ্রিল থেকে থিম্পুর তারায়ানা সেন্টারে আয়োজিত হয়েছে ওই কর্মশালার। এতে বিভিন্ন দেশের শিল্পীরা পরিবেশবিষয়ক চিত্রকর্ম, স্থাপত্য, ভিডিওচিত্র প্রদর্শনীর পাশাপাশি জলবায়ু পরিবর্তন বিষয়ে বিতর্কে অংশ নিচ্ছেন।