এবার জার্মান ও ব্রিটিশ দূতাবাসে হামলা
ইসলামবিরোধী চলচ্চিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে সুদানে। সেখানে জার্মান ও ব্রিটিশ দূতাবাসের সামনে হামলা করেছে বিক্ষোভকারীরা। লেবাননের ত্রিপোলি, মিসরের কায়রো ও ভারতের চেন্নাইয়ে মার্কিন দূতাবাসের সামনেও আজ হামলা, বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সুদানের রাজধানী খার্তুমে আজ জার্মান ও ব্রিটিশ দূতাবাসের সামনে হামলা চালায় বিক্ষোভকারীরা। তারা জার্মানির পতাকায় আগুন ধরিয়ে দেয়। ব্রিটেনের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বিবিসিকে জানান, খার্তুমে তাঁদের দূতাবাসের সামনে বিক্ষোভ ও হামলা হয়েছে। সুদানের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল। তবে বিক্ষোভকারীরা দূতাবাসের ভেতরে ঢুকতে পেরেছে কি না তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি। লেবাননের ত্রিপোলিতে বিক্ষোভকারীরা জনপ্রিয় একটি মার্কিন রেস্তোরাঁয় আগুন ধরিয়ে দেয়। সেখানে একজন নিহত হয়েছে বলে বিবিসির খবরে জানা গেছে। মিসরের কায়রোতে আজও মার্কিন দূতাবাসের কাছে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। কায়রোতে মার্কিন দূতাবাসের সামনে আজ অন্তত ৫০০ বিক্ষোভকারী জড়ো হয়। পুলিশ বিক্ষোভকারীদের সরাতে কাঁদানে গ্যাস ছোড়ে। মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। কায়রোতে মার্কিন দূতাবাসের সামনের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতের চেন্নাইতে মার্কিন কনস্যুলেট লক্ষ্য করে বিক্ষোভকারীরা ইট-পাটকেল ও জুতা ছুড়েছে। এতে দূতাবাসের তথ্য অনুসন্ধানকেন্দ্র ও পুলিশ বুথের জানালা ভেঙে যায়। পুলিশ বিক্ষোভকারীদের সরাতে লাঠিপেটা করে। এতে ২৫ জন আহত হয়। ভারত ইসলামবিরোধী চলচ্চিত্রটি ইন্টারনেটে প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করতে পারে বলে টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা গেছে।গত মঙ্গলবার রাতে লিবিয়ার বেনগাজিতে মার্কিন কনস্যুলেট ভবনে হামলার ঘটনা ঘটে। এতে মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্সসহ চারজন নিহত হন। গতকাল বৃহস্পতিবার ইয়েমেনে মার্কিন দূতাবাস চত্বরে বিক্ষোভ হয়েছে। লিবিয়াতেও আজ সংঘর্ষ ও বিক্ষোভ হয়েছে।