এবার জাহিদ হাসানের ‘টো টো কোম্পানি’
অভিনয়শিল্পী ও পরিচালক জাহিদ হাসান তাঁর নতুন ধারাবাহিকের শুটিং শুরু করছেন। ১৫ জানুয়ারি থেকে নাটকটির শুটিং হবে জাহিদ হাসানের নিজ এলাকা সিরাজগঞ্জে। পরিচালনার পাশাপাশি ধারাবাহিকে অভিনয়ও করবেন তিনি। ধারাবাহিকটির নাম টো টো কোম্পানি। রচনা করেছেন আশরাফুল চঞ্চল। জাহিদ হাসান বলেন, ‘হাতের রেখা কথা বলে ধারাবাহিক শেষ হওয়ার পর নতুনটির জন্য কয়েকটি চিত্রনাট্য হাতে পাই। সেখান থেকে টো টো কোম্পানি সময়োপযোগী মনে হয়েছে। আরও কয়েকটি চিত্রনাট্য ভালো লেগেছে। পর্যায়ক্রমে সেগুলো নিয়েও কাজ করার ইচ্ছা আছে।’তিনি আরও বলেন, ‘টো টো কোম্পানি পুরোপুরি মফস্বলের গল্প। মফস্বল শহরের কিছু সাধারণ ও উল্লেখযোগ্য চরিত্র এখানে গুরুত্ব পেয়েছে। নাটকে আমি অভিনয় করব একজন সাংবাদিকের চরিত্রে।’মফস্বলের গল্প নিয়ে ধারাবাহিক তৈরি প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘মফস্বল শহরের যেকোনো বিষয় আমি খুব ভালো বুঝি। এ ধরনের গল্প আমার অনেক আপন মনে হয়।’