এবার টম ক্রুজের মিশন পাঁচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মিশন ইম্পসিবল’ সিরিজের চতুর্থ সিক্যুয়েল ‘মিশন ইম্পসিবল: ঘোস্ট প্রোটোকল’-এর ব্যাপক সাফল্যের পর এবার পরবর্তী সিক্যুয়েলের পরিকল্পনা করছেন এর কর্তা ব্যক্তিরা। সবকিছু ঠিক থাকলে শিগগিরই সিরিজটির পঞ্চম সিক্যুয়েলে আবারও এজেন্ট ইথান হান্ট চরিত্রে অভিনয় শুরু করবেন টম ক্রুজ।প্যারামাউন্ট পিকচার্সের সঙ্গে আলোচনার পর ‘মিশন ইম্পসিবল ৫’-এর নির্মাণকাজ শুরুর ইঙ্গিত দিয়েছেন এর কর্তা ব্যক্তিরা। সম্প্রতি এক খবরে হলিউড রিপোর্টার জানিয়েছে, ‘মিশন ইম্পসিবল’ বিষয়ে এক প্রশ্নের উত্তরে প্যারামাউন্টের সুপারভাইজার ও ভায়াকমের সিইও ফিলিপ ডউম্যান এ সিরিজের পরবর্তী সিক্যুয়েল নির্মাণের বিষয়ে ইতিবাচক মন্তব্য করেছেন।গত বছরের ১৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পায় তুমুল জনপ্রিয় সিরিজ ‘মিশন ইম্পসিবল’-এর চতুর্থ ছবি ‘মিশন ইম্পসিবল: ঘোস্ট প্রোটোকল’।জশ অ্যাপেলবাম ও আন্দ্রে নেমেকের চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করেছেন ব্রাড বার্ড। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন টম ক্রুজ, অনিল কাপুর, জেরেমি রেনার, পলা প্যাটন, সিমন পেগ প্রমুখ। মুক্তির পরপরই বক্স অফিসে ঝড় তোলে ছবিটি।বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছবিটি এখন পর্যন্ত আয় করেছে অন্তত ৭০ কোটি ডলার। ‘মিশন ইম্পসিবল’ সিরিজের চারটি ছবির মধ্যে এটিই সবচেয়ে বেশি মুনাফা ঝুলিতে ভরেছে। ২০১১ সালের ব্যবসা সফল ছবি হিসেবে পঞ্চম স্থান দখল করেছে এটি।এজেন্ট ইথান হান্ট চরিত্রে টম ক্রুজের প্রত্যাবর্তন সম্পর্কে নিশ্চিত হওয়া গেলেও, ব্রাড বার্ড ‘মিশন ইম্পসিবল ৫’ সিক্যুয়েলটি পরিচালনার দায়িত্বে ফিরে আসবেন কি না, তা অবশ্য এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।