এবার টিআইবির প্রতিবেদনের সমালোচনায় আইনমন্ত্রী
শিল্পমন্ত্রী ও আইন প্রতিমন্ত্রীর পর এবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদনের সমালোচনা করলেন আইনমন্ত্রী শফিক আহমেদ। আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নবনির্বাচিত কার্য নির্বাহী কমিটির অভিষেক ও শ্রেষ্ঠ প্রতিবেদকদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি টিআইবির সমালোচনা করেন।আইনমন্ত্রী বলেন, ‘টিআইবির প্রতিবেদনে সারবস্তু নেই, এটা তথ্যভিত্তিক নয় বরং বিভ্রান্তিমূলক। জনগণ যেন এ প্রতিবেদনের ওপর ভিত্তি করে এমন কোনো ধারণা না করেন যে বাংলাদেশের বিচারব্যবস্থা ও বিচার বিভাগ দুর্নীতিগ্রস্ত।’শফিক আহমেদ আরও বলেন, ‘এ প্রতিবেদনটি বিচার বিভাগের সুনাম নষ্ট করার একটা হাতিয়ার হিসেবে কাজ করেছে। এর উদ্দেশ্য মহত্ নয়।’ যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আমাদের তদন্তকারী সংস্থা তথ্য-উপাত্ত এবং সাক্ষী পেয়েছে। আশা করা যাচ্ছে, আগামী বছর জানুয়ারি-ফেব্রুয়ারি মাস থেকে বিচারকাজ শুরু হবে। বিচারটি যাতে প্রশ্নবিদ্ধ না হয় এবং আন্তর্জাতিক মানের হয় সে ব্যাপারে আমরা সচেষ্ট আছি।’ডিআরইউর নবনির্বাচিত সভাপতি মুস্তাক হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।