এবার তথ্যপ্রযুক্তির অলিম্পিয়াডে রৌপ্য পদক জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণিতের পর বাংলাদেশ এবার তথ্যপ্রযুক্তির আন্তর্জাতিক আসরে পদক পেয়েছে। অনূর্ধ্ব ২০ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য কম্পিউটার প্রোগ্রামিংয়ের প্রতিযোগিতা আন্তর্জাতিক ইনফরমেটিকস অলিম্পিয়াডে (আইওআই) রৌপ্য পদক পেয়েছেন বাংলাদেশের মো. আবিরুল ইসলাম। ১১ আগস্ট থেকে বুলগেরিয়ায় শুরু হওয়া আইওআই ২০০৯ গতকাল শনিবার শেষ হয়েছে। প্রতিযোগিতায় বাংলাদেশ দলের কোচ অধ্যাপক মো. কায়কোবাদ গতকাল বুলগেরিয়া থেকে প্রথম আলোকে জানান, ইনফরমেটিকস অলিম্পিয়াডে বাংলাদেশ এই প্রথমবারের মতো পদক পেল। এবারের ২১তম ইনফরমেটিকস অলিম্পিয়াডে প্রোগ্রামিং প্রতিযোগিতায় আবিরুল ইসলাম ৫২৮ নম্বর পেয়ে ৫৮তম স্থান অধিকার করেন। সেই সুবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র আবিরুল পেয়েছেন রৌপ্য পদক। সার্কভুক্ত দেশগুলোর অংশগ্রহণকারীদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছেন তিনি। এবারের প্রতিযোগিতায় ৮৩টি দেশের ৩১৫ জন প্রতিযোগী অংশ নেন। তাঁদের মধ্যে ২৬ জন স্বর্ণ, ৪৯ জন রৌপ্য এবং ৭৩ জন ব্রোঞ্জ পদক পেয়েছেন। প্রতিযোগিতায় সর্বোচ্চ ৭৪৩ নম্বর পেয়েছেন বেলারুশের হেনাদজি কারাতকেভিচ। ১৯৮৯ সালে বুলগেরিয়াতে ২০ বছরের কম বয়সী তরুণদের কম্পিউটার প্রোগ্রামিংয়ের এই প্রতিযোগিতা শুরু হয় এবং বিজ্ঞানের সাতটি অলিম্পিয়াডের ভেতর এটি একটি অন্যতম অলিম্পিয়াড হিসেবে স্বীকৃত।সিলেট থেকে নিজস্ব প্রতিবেদক জানান, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের একজন প্রতিযোগীর এই সাফল্যে অভিভূত বাংলাদেশ ইনফরমেটিকস অলিম্পিয়াডের সভাপতি মুহম্মদ জাফর ইকবাল। তিনি বলেন, ‘আমি আমাদের দেশ এবং এই দেশের তরুণসমাজকে নিয়ে অত্যন্ত গর্ব অনুভব করছি। গত মাসে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে দুটি ব্রোঞ্জ পদক পাওয়ার পর এ মাসে ইনফরমেটিকস অলিম্পিয়াডে একটি রৌপ্য পদক নতুন প্রজন্মের প্রতি আমাদের বিশ্বাস পুনঃ প্রতিষ্ঠা করেছে।’বাংলাদেশ ইনফরমেটিকস অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবীর বলেন, আবিরুল গতবারও ইনফরমেটিকস অলিম্পিয়াডে অংশ নিয়েছিলেন। সেই অভিজ্ঞতা এবার কাজ দিয়েছে। বাংলাদেশ ইনফরমেটিকস অলিম্পিয়াড কমিটির পক্ষ থেকে বিভাগীয় শহরগুলোতে স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করে প্রার্থীদের নির্বাচন করা হয়। এরপর জাতীয় ইনফরমেটিকস অলিম্পিয়াড থেকে বাছাই করা ১০ জনের মধ্যে এবার আবিরুল ইসলামকে আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হয়। একটি দেশ থেকে চারজন প্রতিযোগী পাঠানোর নিয়ম থাকলেও এবার আর্থিক কারণে বাংলাদেশ দলে শুধু একজন প্রতিযোগী ছিলেন।