এবার তালেবানের লক্ষ্য গণমাধ্যম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীশিক্ষা আন্দোলনের কর্মী কিশোরী মালালা ইউসুফজাইকে হত্যাচেষ্টা-সংক্রান্ত খবরে গণমাধ্যমের ওপর চটেছে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান। সে দেশের জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের ওপর হামলার পরিকল্পনা নিয়েছে তারা। বিবিসি উর্দুর বরাত দিয়ে আজ শনিবার বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে এ কথা জানানো হয়।বিবিসি উর্দু বিভাগের খবরে বলা হয়েছে, পাকিস্তানি তালেবানের প্রধান হাকিমুল্লাহ মেহসুদ দেশটির বিভিন্ন শহরে অবস্থিত গণমাধ্যমের কর্মীদের ওপর হামলা করতে তাঁর অধস্তনদের একটি বিশেষ নির্দেশনা দিয়েছেন।নাম প্রকাশ না করার শর্তে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিবিসি উর্দুকে বলেন, মেহসুদ ও তাঁর এক অনুগত নাদিম আবাস ইলিয়াস ইন্তিকামির মধ্যে ফোনালাপ উদ্ধার করেছেন গোয়েন্দা কর্মকর্তারা। এতে শোনা গেছে, তালেবানের প্রধান তাঁর অধস্তনকে বিভিন্ন দেশি-বিদেশি গণমাধ্যম গোষ্ঠীর ওপর হামলার নির্দেশনা দিচ্ছেন। করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদসহ পাকিস্তানের অন্যান্য শহরে অবস্থিত বিভিন্ন গণমাধ্যমের কার্যালয়ে হামলার নির্দেশনা দিয়েছেন মেহসুদ। যেসব গণমাধ্যম গোষ্ঠী ও ব্যক্তি মালালা ইউসুফজাইকে তালেবানদের হত্যাচেষ্টার নিন্দা জানিয়েছেন, তাঁরা এই হামলার শিকার হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানের অধিকাংশ জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম ওই ঘটনায় সমালোচনামুখর রয়েছে। পাকিস্তানের ওই কর্মকর্তা আরও জানান, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে গণমাধ্যমের বিভিন্ন প্রতিষ্ঠান ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা বাড়ানোর জন্য একটি আদেশ জারি করে।ইসলামাবাদের প্রধান কমিশনার ও চারটি প্রদেশের মুখ্যসচিব গণমাধ্যম মালিকদের সঙ্গে সাক্ষাৎ করে করে তাঁদের প্রয়োজনীয় নিরাপত্তার বিষয়ে কথা বলতে বলেছেন। এ ছাড়া যেসব ধর্মীয় নেতা ওই ঘটনার প্রকাশ্যে নিন্দা জানিয়েছেন, তাঁদেরও সতর্ক থাকতে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোয়াত উপত্যকায় গত মঙ্গলবার দুজন সশস্ত্র ব্যক্তি মালালার বিদ্যালয়ের গাড়ি থামান। একজন ওই গাড়িতে উঠে মালালাকে খুঁজতে থাকেন। পরিচয় নিশ্চিত হয়ে মালালাকে লক্ষ্য করে গুলি ছুড়লে মাথায় গুলিবিদ্ধ হয় মালালা। তেহরিক-ই তালেবান পাকিস্তান এ ঘটনার দায় স্বীকার করেছে।