অদিতি মহসিন রবীন্দ্রসংগীতের শিল্পী। এবার তিনি গেয়েছেন অতুলপ্রসাদ সেন, রজনীকান্ত সেন ও দ্বিজেন্দ্রলাল রায়ের গান। অ্যালবামের নাম সখা তোমারে পাইলে। প্রকাশ করেছে বেঙ্গল ফাউন্ডেশন। আজ সন্ধ্যা সাতটায় ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অ্যালবামটির মোড়ক খোলা হবে। সঙ্গে থাকবে অদিতির একক গানের অনুষ্ঠান। কথা হলো শিল্পীর সঙ্গে।তিন কবির গানের চর্চাটা কবে থেকে করছেন?আমি তো শান্তিনিকেতনে পড়াশোনা করেছি। মূল বিষয় ছিল রবীন্দ্রসংগীত। পাশাপাশি অন্য গানও করতে হয়েছে। অতুলপ্রসাদ সেন, রজনীকান্ত সেন ও দ্বিজেন্দ্রলাল রায় কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সমসাময়িক কবি। এই তিন কবির চমৎকার চমৎকার গান রয়েছে। পুরোনো যত জনপ্রিয় শিল্পী আছেন, তাঁদের প্রায় সবাই এই তিন কবির গান করেছেন। আমার খুব পছন্দ কৃষ্ণা চট্টোপাধ্যায়, ছবি বন্দ্যোপাধ্যায় আর শর্বাণী হোমের গাওয়া গানগুলো। শিক্ষক তো ছিলেনই, আর তাঁদের রেকর্ড থেকে শুনে শুনে তিন কবির গান চর্চা করছি।তিন কবির মধ্যে কোন কবির গান আপনার বেশি পছন্দ?অতুলপ্রসাদ সেনের গান। তাঁর গানের সংখ্যা একেবারেই কম। কাকলী নামে চার খণ্ডে তাঁর সব কটি গানের স্বরলিপি পাওয়া যায়। অন্য দুজনের গানেরও স্বরলিপি রয়েছে। তবে আমি গানগুলোর চর্চার জন্য বিভিন্ন শিল্পীর পুরোনো রেকর্ডের ওপরই বেশি নির্ভর করি। অ্যালবামটির কাজ কবে করেছিলেন?গত ফেব্রুয়ারিতে, কলকাতার অডিও থ্রিতে। এটি আমার অষ্টম অ্যালবাম। অন্য সাতটি রবীন্দ্রসংগীতের, আর বেশির ভাগ অ্যালবামের সংগীত আয়োজন করেছেন দূর্বাদল চট্টোপাধ্যায়। যেহেতু আমি তিন কবির গান করছি, তাই তিনি এবার সংগীত আয়োজনে বিশেষ যত্ন নিয়েছেন।আজকের অনুষ্ঠানে তিন কবির গানই করবেন?আজ অ্যালবামটির মোড়ক খুলবেন সৈয়দ শামসুল হক। এরপর তিন কবির আমার পছন্দের কিছু গান করব। রবীন্দ্রসংগীতও করব। এখন শ্রাবণ মাস। তাই রবীন্দ্রনাথের বর্ষার কিছু গানও করব।