এবার তিনি কাঠমিস্ত্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছর আগে নাসির উদ্দীন ইউসুফের গেরিলা ছবিতে মেজর সরফরাজ ও ক্যাপ্টেন সামশাদের চরিত্রে অভিনয় করেছিলেন শতাব্দী ওয়াদুদ। এবার তিনি অভিনয় করেছেন একজন কাঠমিস্ত্রির চরিত্রে। বিজয় দিবস উপলক্ষে মাছরাঙা টিভির জন্য তৈরি হয়েছে নাটক কফিন কারিগর। অভিজিৎ দাসের গল্প থেকে নাট্যরূপ দিয়েছেন ও পরিচালনা করেছেন গৌতম কৈরী। তিনি জানান, মুক্তিযুদ্ধের সময়ের একটি সত্যি ঘটনা অবলম্বনে নাটকের কাহিনি। নাটকটির কাজ হয়েছে ধামরাইয়ের ধানপাড়া গ্রামে। শতাব্দী বলেন, ‘গেরিলার পর এবারই প্রথম মুক্তিযুদ্ধের গল্পের কাজ করেছি।’ কফিন কারিগর নাটকে তাঁর অভিনয় প্রসঙ্গে শতাব্দী বললেন, ‘নাটকে আমার চরিত্রের নাম সাধন সরকার। পেশা কাঠমিস্ত্রি। যুদ্ধে নিহত উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের মরদেহ নিজ দেশে পাঠানোর জন্য কফিনের প্রয়োজন। কফিন তৈরির জন্য সাধনকে ধরে নিয়ে যায় পাকিস্তানি সেনারা। একদিন সাধন বুঝতে পারে, কফিন বানালেই লাশ আসে। সে যতগুলো কফিন বানায়, ততগুলোই লাশ আসে, না বানালে নাই। তারপর থেকে সে পাগলের মতো কফিন বানাতে থাকে।’নাটকটিতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, তাহসিন, শাহাদাৎ, কচি খন্দকার, এস এম মহসিন, দুখু সুমনসহ আরও অনেকে।