এবার তেল কিনতে ২০০ কোটি ডলার দিচ্ছে আইডিবি
রাষ্ট্রীয় কোম্পানি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) ২০০ কোটি মার্কিন ডলার ঋণসহায়তা দিচ্ছে জেদ্দাভিত্তিক ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)। এই ঋণের পুরো অর্থই আন্তর্জাতিক বাজার থেকে তেল কিনতে ব্যয় হবে। বিপিসির এক জ্যেষ্ঠ কর্মকর্তা আজ সোমবার রয়টার্সকে এ কথা জানান।তেল আমদানি ও দেশব্যাপী তা সরবরাহের একমাত্র প্রতিষ্ঠান বিপিসির চেয়ারম্যান আবু বকর সিদ্দিক বলেন, ‘২০১২ সালে তেল আমদানির জন্য বাংলাদেশকে এই ঋণসহায়তা দিতে সম্মত হয়েছে আইডিবি।’ তিনি বলেন, আইডিবি প্রথম দফায় বিপিসিকে ৩০ কোটি মার্কিন ডলার দেবে। চলতি বছরে বিপিসি ৬৭ লাখ টনেরও বেশি জ্বালানি তেল কিনবে। গত বছরে কিনেছিল ৪৮ লাখ টন। এরও আগে ২০১০ সালে ক্রয় করে ৩৮ লাখ টন জ্বালানি তেল। দেখা যাচ্ছে, প্রতি বছরে ক্রয়কৃত জ্বালানি তেলের পরিমাণ বেড়েছে।সম্প্রতি সরকার ৪৯টি তেলচালিত বিদ্যুেকন্দ্র তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে জাতীয় গ্রিডে আরও পাঁচ হাজার ৩১৯ মেগাওয়াট বিদ্যুত্ যুক্ত হবে। এ কারণে প্রতি বছর জ্বালানি তেলের আমদানিও বাড়ছে।আবু বকর সিদ্দিক জানান, আইডিবি প্রতি বছর বাংলাদেশকে ১০০ কোটি মার্কিন ডলার ঋণসহায়তা দেয়। কিন্তু তেলের চাহিদা পরিমাণ বাড়ায় গত বছর বিপিসি এই ঋণ দ্বিগুণ করার আবেদন জানায়।বিপিসির এই লোকসান কমাতে সরকার গত শুক্রবার থেকে জ্বালানি তেলের দাম আরও এক দফা বাড়িয়েছে। গত মে মাস থেকে এ নিয়ে চারবার তেলের দাম বাড়াল সরকার।সিদ্দিকী বলেন, ‘এখনো আমাদের ১৪০ কোটি মার্কিন ডলার লোকসান গুনতে হচ্ছে। বিশ্ববাজারে ডলারের বিপরীতে টাকার সাম্প্রতিক দরপতন এ সমস্যাকে আরও বাড়িয়ে দিচ্ছে।’