এবার তোপের মুখে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে উদ্ধারে ব্যর্থতার জন্য পুলিশ বিভাগকে দোষারোপ করেছে সরকারি প্রতিশ্রুতি-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ নিয়ে কমিটির সদস্যরা প্রশ্নবাণে জর্জরিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে। উদ্ধারকাজে অগ্রগতি না হওয়ায় এবং এ বিষয়ে মন্ত্রণালয়ের তত্পরতায় কমিটি হতাশা প্রকাশ করে।আজ সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত প্রতিশ্রুতি-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি আলী আশরাফ ও সদস্য রাশেদা বেগম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।আলী আশরাফ সাংবাদিকদের বলেন, ইলিয়াস আলীকে এখনো উদ্ধার না করতে পারার ব্যর্থতা পুলিশের। পুলিশ পারে না, এমন কোনো কাজ নেই। পুলিশের ব্যর্থতার জন্য অযথা সরকারকে রাজনৈতিক ঝামেলায় পড়তে হচ্ছে।আলী আশরাফ বলেন, ‘আমি স্বরাষ্ট্রসচিবকে বলেছি, ইলিয়াস আলী কোথায়, তাঁকে খুঁজে বের করুন। আজ তাঁকে পাওয়া যাচ্ছে না। কাল আরেকজন হারিয়ে যাবেন। এভাবে চলতে পারে না। মানুষের ধারণা, পুলিশ বিভাগ সম্পূর্ণভাবে দুর্নীতিতে নিমজ্জিত। পুলিশকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। সরকারের পালা-বদল হবে কিন্তু পুলিশ বাহিনী থেকে যাবে। সুতরাং তাদের সততার সঙ্গে কাজ করতে হবে।’সূত্র জানায়, বৈঠকে ইলিয়াস আলীর প্রসঙ্গটি উত্থাপন করেন বিএনপির সাংসদ রাশেদা বেগম। তিনি সাংবাদিকদের বলেন, ‘স্বরাষ্ট্রসচিবের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি গা-বাঁচানো উত্তর দিয়েছেন। বলছেন, র্যাব ইলিয়াস আলীর ব্যক্তিগত ও ব্যবসায়িক বিষয় নিয়ে খোঁজ করছে। দলের অভ্যন্তরে ইলিয়াস আলীর বিরোধীদের বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে। সচিবের কথা শুনে মনে হয়েছে, তিনি একটি বিশেষ দলের হয়ে কথা বলছেন।’বৈঠকে জনপ্রশাসন, আইন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি নিয়ে হতাশা প্রকাশ করেছে কমিটি। আলী আশরাফ বলেন, এডিপি কেন বাস্তবায়ন হবে না? যতটুকু বাস্তবায়ন হবে, ততটুকু পরিকল্পনা করলেই তো হয়। অথচ অর্থবছর শেষ হতে চলেছে, এডিপির বাস্তবায়ন মাত্র ৩০ থেকে ৪০ ভাগ। প্রশাসনে দক্ষ লোকের অভাব আছে বলেই এডিপির শতভাগ বাস্তবায়িত হচ্ছে না। প্রতিশ্রুতির ১৬ বিলিয়ন ডলার প্রক্রিয়াধীন অবস্থায় পড়ে আছে। তাই কমিটি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এডিপির শতভাগ বাস্তবায়নে সক্রিয় হওয়ার জন্য সুপারিশ করেছে।আলী আশরাফের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য আবদুল কুদ্দুস, বি এম মোজ্জাম্মেল হক ও রাশেদা বেগম উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সি কিউ কে মুসতাক আহমদ, অভ্যন্তরীণ পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব মো. মোজাম্মেল হক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।