এবার দামি পোশাক রপ্তানির কাজ পাচ্ছে বাংলাদেশ
বাংলাদেশের পোশাকপণ্য নতুন এক সম্ভাবনার পথে এগোচ্ছে। আগে সস্তা কিছু পণ্য তৈরি ও রপ্তানি হতো। এখন আস্তে আস্তে যোগ হচ্ছে দামি ও মনিহারি পণ্য (ফেন্সি আইটেম)। এতে বাড়বে রপ্তানি আয় ও মূল্য সংযোজন।বছরখানেক আগে বিশ্বব্যাপী মন্দার মধ্যে চীন, কোরিয়া, ভারত, তুরস্ক, ইন্দোনেশিয়া বা কম্বোডিয়া থেকে বাংলাদেশে প্রচুর রপ্তানি কাজ আসতে শুরু করে। এ ধারা এখনো আছে। এর পাশাপাশি নতুন বাজার বিশেষত জাপানে পোশাক রপ্তানির নতুন দিগন্তও তৈরি হতে যাচ্ছে। উচ্চমূল্যের নিট পোশাক বিশেষত সোয়েটার, ডেনিম অর্থাত্ জিনস পোশাক, সদ্যোজাত শিশুদের পোশাক এখন সম্ভাবনাময় খাত। ইতিমধ্যেই বিশ্বের বড় সব ক্রেতা-প্রতিষ্ঠানের কাজ পেতে শুরু করেছে বাংলাদেশ। এসকিউ সোয়েটার দেশের অন্যতম বৃহত্তম পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান। মন্দার মধ্যে বিশ্বখ্যাত খুচরা বিক্রেতা এইচঅ্যান্ডএমের কাছ থেকে এক কোটি ডলারের রপ্তানি কাজ পেয়েছিল প্রতিষ্ঠানটি। সুইডেনভিত্তিক এইচঅ্যান্ডএম যে ধরনের সোয়েটারের কাজ করতে দিয়েছিল এসকিউকে, তা এর আগে দেওয়া হতো চীনে। কিন্তু এইচঅ্যান্ডএম মন্দার মধ্যে চীন থেকে তাদের দিক পরিবর্তন করে বাংলাদেশে আসতে শুরু করে। বিশ্বখ্যাত আরও অনেক খুচরা বিক্রেতা-প্রতিষ্ঠান এখন বাংলাদেশে এসেছে নতুন নতুন কাজের প্রস্তাব নিয়ে। শুধু তা-ই নয়, বস্ত্র খাতের অনেক বিদেশি বিনিয়োগও এখন বাংলাদেশমুখী হয়েছে। এসব বিনিয়োগ আগে যেত মরিশাস, কম্বোডিয়া, শ্রীলঙ্কা প্রভৃতি দেশে।এসকিউ গ্রুপের চেয়ারম্যান গোলাম ফারুক প্রথম আলোকে বলেন, ‘পোশাকশিল্পের বড় সম্ভাবনা রয়েছে। মন্দার কারণে মূল্য কিছুটা কমে গেছে এটা ঠিক, তবে আশা করি চলতি বছর তা আবার কাটিয়ে ওঠা যাবে।’ তাঁর মতে, সোয়েটার খাতে বাংলাদেশের বেশ অগ্রগতি হয়েছে। গুণগত মানের দিক থেকে এমন কাজ তারা এখন করছেন, যা আগে এখানে হতো না। এসকিউ সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক ক্রেতা-প্রতিষ্ঠান নেক্সটের ৩০ লাখ ডলারের কাজের প্রস্তাব নিয়েছে। তবে উত্পাদনক্ষমতা কম থাকায় নেক্সটের আরও কাজসহ নতুন কয়েকটি বড় ক্রেতার বেশ কিছু কাজের প্রস্তাব তারা নিতে পারছে না। অন্যদিকে ওভেন খাতের আরেক সম্ভাবনাময় পণ্য ডেনিম বা জিনস পোশাকে বাংলাদেশের বড় অগ্রগতি হয়েছে। দেশে বেশ কয়েকটি অত্যাধুনিক ডেনিম টেক্সটাইল মিল স্থাপিত হয়েছে। বিশেষ মানের রোপ ডায়িং ডেনিম উত্পাদনের প্রথম টেক্সটাইল মিল স্থাপন করে এনভয় গ্রুপ। এরপর ওপেক্স গ্রুপও রোপ ডেনিমের কম্পোজিট ইন্ডাস্ট্রি স্থাপন করেছে। এনভয় টেক্সটাইলের উপমহাব্যবস্থাপক (জিএম) নুরুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, ‘শুধু রোপ ডেনিমই নয়, মানসম্পন্ন জিনস উত্পাদন করে—দেশের এমন সব টেক্সটাইল মিলই এখন অনেক কাজ পাচ্ছে, যেসব কাজ আগে তুরস্ক, চীন ও ভারতে যেত। এখন ক্রেতারা ওই সব দেশ থেকে মুখ ঘুরিয়ে আমাদের কাছে এসে কাজ দিচ্ছেন।’ প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশের সক্ষমতা বাড়ার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের অনেক ভূমিকা রয়েছে। স্বল্পোন্নত দেশ (এলডিসি) হিসেবে বাংলাদেশ অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার বা জিএসপি পেয়ে থাকে। জিএসপি বা শুল্কসুবিধার কারণে দেশের সামগ্রিক পোশাক পণ্য প্রতিযোগিতায় একধাপ এগিয়ে গেছে। একই কারণে মানসম্পন্ন কাপড় ও পোশাক তৈরি এবং বেশ কিছু ক্ষেত্রে পশ্চাত্সংযোগ শিল্প গড়ে ওঠায় লিড টাইম (রপ্তানির সময়) কমে এসেছে। এর ফলে ক্রেতারা আগ্রহ দেখাচ্ছেন বলে শিল্পমালিকেরা জানান।সম্প্রতি পোশাক খাতের দুটি মালিক সমিতি বিজিএমইএ ও বিকেএমইএ আয়োজিত বাটেক্সপো ও নিট এক্সপোজিশনে অংশ নেওয়া শিল্পমালিক ও নির্বাহী, ক্রেতা-প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেও বাংলাদেশের পোশাকের সম্ভাবনার এসব খবরের সত্যতা পাওয়া যায়।নিট এক্সপোজিশনে অংশ নেয় দেশের অন্যতম বৃহত্ পোশাক কারখানা নারায়ণগঞ্জের ফকির অ্যাপারেল। এই স্টলে সাজানো ছিল বিভিন্ন ফেন্সি আইটেমের পোশাক ও কাপড়। আগে যেখানে কটনে (সুতি কাপড়) পরিচিত ছিল বাংলাদেশ, এখন সেখানে ৮০ শতাংশ কটনের সঙ্গে নন-কটনও যোগ করা হচ্ছে। জানা গেল, শ্রমিকেরা কটন কাপড়ের পোশাক তৈরিতে অভ্যস্ত হলেও নন-কটনের পোশাকে তাঁদের কোনো সমস্যা হচ্ছে না। ফকির অ্যাপারেলসের সিনিয়র মার্চেন্ডাইজার নাসির আহমেদ বলেন, ‘আমাদের শ্রমিকেরা অনেক দক্ষ। নারীশ্রমিকদের আঙুল অনেক চিকন, ফলে তাঁদের নন-কটন আইটেমের পোশাক তৈরিতে কোনো সমস্যা নেই।’ নন-কটনের তৈরি পোশাকের দামও বেশি।আরও বেশ কিছু প্রতিষ্ঠান বেসিক টি-শার্টের পাশাপাশি বিভিন্ন ধরনের ফেন্সি আইটেমের কাজ করছে। মেয়েদের পোশাকে বিভিন্ন ধরনের কাজ করা, প্রিন্টেড টপস এগুলো এখন প্রচলন হয়ে গেছে। আরও নতুন যোগ হয়েছে সদ্যোজাত শিশুদের পোশাক।ইতালীয় ব্যবসায়ী রবার্টা গোলফেতো ফ্রান্সের বেশ কয়েকটি নামীদামি ব্র্যান্ডের জন্য পোশাক কেনেন। চীনে হ্যাংঝু নিটওয়ার্কস লিমিটেড নামের একটা অফিস খুলে তারা ২৪ বছর ধরে পোশাক কিনছে। গত চার মাস আগে নিটওয়ার্কস বাংলাদেশ নামে অফিস খুলেছে তারা। নিট এক্সপোজিশনে রবার্টা গোলফেতো এ প্রতিবেদককে বলেন, ‘আমরা যেসব আইটেম ক্রয় করি সেগুলো এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে। চীনে পণ্যের দাম বেশি, আমরা তাই বাংলাদেশে এসেছি।’ তাঁর মত হলো, বাংলাদেশে পোশাক খাতে বড় সম্ভাবনা রয়েছে। গুণগত মানের দিক দিয়ে ইতিমধ্যেই বেশ খানিকটা এগিয়েছে দেশের পোশাক খাত। নতুন ক্রেতারা এলে আরও উন্নত হবে।নিট পোশাক মালিক সমিতি বিকেএমইএর সভাপতি ফজলুল হক দেশের পোশাক খাতের সম্ভাবনায় অত্যন্ত আশাবাদী। তিনি বলেন, ‘বর্তমানে যেসব বাজার আমাদের আছে, সেসব বাজার থেকে আমরা উচ্চমূল্যের পোশাকের কাজ যেমন পাচ্ছি, তেমনি নতুন বাজারের উজ্জ্বল সম্ভাবনাও আছে।’ নতুন বাজারের সন্ধানে বিকেএমইএ অনেক দিন ধরেই কাজ করছে। ইতিবাচক সম্ভাবনা দেখা দিয়েছে জাপানের বাজারে পোশাক রপ্তানির। জাপানিরা উচ্চমূল্যে ও মানসম্পন্ন পোশাকের প্রতি আগ্রহী। ফলে এই বাজারে ঢুকতে পারলেও উচ্চমূল্যের মনিহরি পণ্য রপ্তানির সম্ভাবনার পথে আরেক ধাপ এগোবে দেশ। সম্প্রতি জাপানের পোশাক খাতের দ্বিতীয় বৃহত্ খুচরা বিক্রেতা-প্রতিষ্ঠান সিমামোরা গ্রুপের প্রেসিডেন্ট মাসাতু নোনাকা বাংলাদেশে এসে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে পোশাক কেনার বিষয়ে ইতিবাচক আলোচনা সেরেছেন। বছরে ২০০ কোটি ডলারের পোশাক আমদানি করে জাপানের এই প্রতিষ্ঠানটি।ফজলুল হক পোশাকশিল্প মালিকদের পরামর্শ দিয়ে বলেন, ‘উচ্চমূল্যের পণ্যের কাজ পেলেও এখনই সস্তা আইটেম ছাড়া যাবে না। এটাকে ধরে রেখেই উচ্চমূল্যের পণ্যের কাজ করতে হবে।’ তিনি শিল্পমালিকদের বড় কাজ ও উচ্চমূল্যের কাজ করার জন্য মানসিকভাবে প্রস্তুত হতে আহ্বান জানান।একই রকম সম্ভাবনার কথা বলেন তৈরি পোশাক মালিক সমিতি বিজিএমইএর সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। তিনি বলেন, ‘আগে আমরা বিদেশি আমদানিকারকদের মাধ্যমে পোশাক রপ্তানি করতাম। এখন পরিস্থিতি বদলে যাচ্ছে। আমরা অনেকেই সরাসরি বিশ্বের নামীদামি স্টোরের কাজ করি।’ তবে তিনি হতাশা প্রকাশ করেন দেশে গ্যাস-বিদ্যুতের বেহাল দশায়। বলেন, ‘আন্তর্জাতিক বাজারে মূল্য কমে গেছে এটা সবার জানা, তার পরও আমরা প্রতিযোগিতা করতে পারতাম। কিন্তু গ্যাস-বিদ্যুত্ সরবরাহের ব্যাপক ঘাটতির কারণে আমরা পিছিয়ে পড়ছি।’ সালাম মুর্শেদী মনে করে, গ্যাস-বিদ্যুত্সহ অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করা গেলে পোশাক খাতে আয় তিন বছরে দ্বিগুণ করা সম্ভব।