এবার দিনাজপুরে পুলিশের মাথা ফাটাল শিবির
রাজশাহীর পর গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার হাজীর মোড় এলাকায় জামায়াত-শিবির পুলিশের ওপর হামলা চালিয়েছে। এতে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলামসহ পুলিশের ১৭ জন সদস্য আহত হয়েছেন। এর মধ্যে জেলা পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক মো. আবদুস সবুরের (৪২) অবস্থা আশঙ্কাজনক। পিটিয়ে তাঁর মাথার খুলি ভেঙে দেওয়া হয়েছে। সিপাহি শাহাদাতের (৪৮) আঘাতও গুরুতর।হামলার সময় আতঙ্কে আজিমুদ্দিন (৪০) নামের এক সাইকেল মেরামতকারী হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, এ ধরনের অজগাঁয়ে সাধারণত হরতাল পালিত হয় না। কিন্তু এলাকায় সাংগঠনিকভাবে জামায়াতের অবস্থান ভালো। তাই গতকাল মঙ্গলবার হরতালের সময় জামায়াত-শিবিরের দুই শতাধিক কর্মী চিরিরবন্দর উপজেলার আবদুলপুর ইউনিয়নের হাজীর মোড়ে জড়ো হন। ওই সময় সাদা পোশাকে জেলা পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক আবদুস সবুর ও সিপাহি শাহাদাত মোটরসাইকেলযোগে সেখান দিয়ে যাচ্ছিলেন। শিবিরের কর্মীরা তাঁদের পুলিশের লোক বলে চিনতে পারলে রড ও লাঠি নিয়ে আক্রমণ করেন। রড দিয়ে মাথায় আঘাত করার সঙ্গে সঙ্গে পুলিশের কর্মকর্তা সবুর মাটিতে লুটিয়ে পড়েন। এরপর শিবিরের কর্মীরা দুজনকেই রড ও লাঠি দিয়ে উপর্যুপরি পেটাতে থাকেন। তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে তাঁর নেতৃত্বে পুলিশের ১৫ সদস্যের একটি দল হাজীর মোড়ে গেলে জামায়াত-শিবিরের কর্মীরা চড়াও হন। তাঁরা পুলিশকে লক্ষ্য করে কমপক্ষে ১৫টি ককটেল ছুড়ে মারেন। এতে তিনিসহ পুলিশের ১৫ জন সদস্যই কমবেশি আহত হন। শিবিরের কর্মীরা পুলিশের একটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছেন। গুরুতর আহত অবস্থায় পুলিশের আহত কর্মকর্তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের কনসালট্যান্ট এ টি এম জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, পুলিশের কর্মকর্তা আবদুস সবুরের অবস্থা আশঙ্কাজনক। দুপুর ১২টার দিকে তাঁকে হাসপাতালে ভর্তির পর প্রায় দেড় ঘণ্টা ধরে অস্ত্রোপচার করা হয়। তাঁর মাথার খুলি একাধিক স্থানে ফেটে গেছে। তাঁর ব্রেইন হেমারেজ হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। পরে উন্নত চিকিত্সার জন্য বেলা দুইটার দিকে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁর বাড়ি গাইবান্ধা শহরে।তারিকুল ইসলাম জানান, পুলিশ আত্মরক্ষার্থে রাবারের ৫২টি বুলেট, চায়না রাইফেলের ১৬টি গুলি ও কাঁদানে গ্যাসের ১৩টি শেল নিক্ষেপ করে।স্থানীয়ভাবে জানা গেছে, এ ঘটনায় জামায়াত-শিবিরের কর্মী, পথচারী, স্থানীয় দোকানিসহ ৪০ জন আহত হয়েছেন। ঘটনার সময় আতঙ্কগ্রস্ত হয়ে আজিমুদ্দিন নামের এক সাইকেল মেরামতকারী হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। পুলিশও তা স্বীকার করেছে। দিনাজপুরের পুলিশ সুপার শ্রী দেবদাস ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, ঘটনার পরপরই সেখানে অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। পুলিশের ওপর হামলাকারীদের ধরতে তল্লাশি শুরু হয়েছে। ইতিমধ্যে সন্দেহভাজন পাঁচজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।প্রসঙ্গত, গত রোববার রাজশাহীতে শিবিরের বোমা হামলায় পুলিশের এক কর্মকর্তার ডান হাতের কবজি উড়ে যায়। পরদিন ওই শহরেই পুলিশের আরেক কর্মকর্তাকে পৈশাচিকভাবে ইট ও হেলমেট দিয়ে মাথা থেঁতলে দেন শিবিরের কর্মীরা। গত পাঁচ মাসে শিবিরের হাতে পুলিশের আট সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশের প্রায় ৬০০ সদস্য।