এবার দুই দফায় ইজতেমা, আখেরি মোনাজাত এক দিনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাবলিগ জামাত আয়োজিত দেশের বৃহত্তম ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমা এবার একটু ভিন্নভাবে হবে। দুই দফায় ইজতেমা সম্পন্ন হবে, কিন্তু আখেরি মোনাজাত হবে এক দিনে। বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের কারণে প্রতিবছর ইজতেমাস্থল ও আশপাশে অনেক জায়গাজুড়ে ব্যাপক যানজট সৃষ্টি হয় বলে ভোগান্তি এড়াতে আয়োজকেরা এবার এ ব্যবস্থা নিয়েছেন। অন্যদিকে ইজতেমা দুই দফায় হওয়ার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন সেবামূলক সংস্থাকে প্রায় এক সপ্তাহ ধরে দায়িত্ব পালন করতে হবে।প্রথম দফায় ২১ থেকে ২৩ জানুয়ারি এবং দ্বিতীয় দফায় ২৮ থেকে ৩০ জানুয়ারি ইজতেমা অনুষ্ঠিত হবে। প্রতিবার ৩২টি করে দুবারে ৬৪টি জেলার ধর্মপ্রাণ মুসলমানরা এ সমাবেশে যোগ দেবেন। প্রথম দফার শেষ দিন ২৩ জানুয়ারি হবে আখেরি মোনাজাত। লাখ লাখ মুসল্লিকে স্বাগত জানাতে আয়োজকেরা টঙ্গীতে তুরাগতীরে অবস্থিত ইজতেমা মাঠের প্রস্তুতি প্রায় শেষ করে এনেছেন।ইজতেমার শেষ দিনে আখেরি মোনাজাত না হলেও বয়ান ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান হবে। এবার যে ৩২ জেলা দ্বিতীয় দফায় অংশ নেবে, আগামীবারের ইজতেমায় তাদের প্রথম দফায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।ইজতেমার মাঠ প্রস্তুতিসহ বিভাগীয় বিষয় সমন্বয় করার জন্য গঠিত কমিটির প্রধান ও ঢাকার বিভাগীয় কমিশনার মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ গতকাল প্রথম আলোকে বলেন, ‘ইজতেমা কর্তৃপক্ষের প্রস্তাব ছিল এবারের ইজতেমা দুই পর্বে সম্পন্ন করার। সে অনুযায়ী এবার দুই দফায় ইজতেমা হবে। কিন্তু আখেরি মোনাজাত হবে এক দিনে।’ আয়োজকেরা এ প্রসঙ্গে গত বছরের আখেরি মোনাজাতের দিন বিপুলসংখ্যক মুসল্লির আগমণের কারণে ভয়াবহ যানজট হওয়ার কথা উল্লেখ করেছেন। সমন্বয় কমিটির প্রধান বিভাগীয় কমিশনার মোহাম্মদ মঈনউদ্দীন প্রথম আলোকে বলেন, ইজতেমা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার প্রস্তুতি তাঁদের রয়েছে। মুসল্লিদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। তিনি বলেন, দুই দফায় আয়োজনের কারণে বিভিন্ন সেবামূলক সংস্থা, স্বাস্থ্য বিভাগ, সিটি করপোরেশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রায় এক সপ্তাহ দায়িত্ব পালন করতে হবে। ইজতেমা মাঠ প্রস্তুতিসহ বিভিন্ন বিষয় সমন্বয় করা এবং মাঠের কাছ থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদের জন্য ঢাকার বিভাগীয় কমিশনারকে প্রধান করে দুটি কমিটি গঠন করা হয়েছে। ইজতেমা মাঠের প্রস্তুতি: ইজতেমা মাঠের প্যান্ডেল তৈরির জন্য গাজীপুর জেলা প্রশাসন থেকে এক হাজার ১৫৪ বান্ডিল ঢেউটিনের ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ২০৪ বান্ডিল ঢেউটিন ধারে সরবরাহ করা হয়েছে। এ ছাড়া ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের কাছে ৮০০ বান্ডিল টিন চাওয়া হয়েছে। এবার প্রতিকূল আবহাওয়ার কথা মাথায় রেখে প্যান্ডেল নির্মাণ করা হচ্ছে। মুসল্লিদের সুযোগ-সুবিধা: মুসল্লিদের জন্য সার্বক্ষণিক পানি সরবরাহে ঢাকা ওয়াসা থেকে তিনটি ও টঙ্গী ওয়াসা থেকে ১০টি টিউবওয়েল এবং ১৩ কিলোমিটার পাইপলাইন স্থাপনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বিদেশি মুসল্লিদের জন্য ১০৪টি গোসলখানা থাকবে। এ ছাড়া দুই হাজার ১৮৪টি পাকা বাথরুম তৈরি করা হয়েছে। এ বিষয়ে তাবলিগ জামাতের মুসল্লি মেসবাহউদ্দীন বলেন, প্রতিবছর দেখা যায়, ওয়াসার ভ্রাম্যমাণ লরির মাধ্যমে যে পানি পাওয়া যায় তা অপ্রতুল। তিনি তুরাগ নদের পশ্চিম দিকের এলাকা থেকে পানি সরবরাহের ব্যবস্থা করার অনুরোধ জানান। ট্রাফিক ব্যবস্থা ও যাতায়াত: ইজতেমার মুসল্লিদের আনা-নেওয়ার জন্য ৫০টি বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা থাকবে। এ ছাড়া রেলওয়ে বিশেষ ট্রেনের ব্যবস্থা করবে। বিশেষ বাস ও ট্রেন সার্ভিসের তথ্য অনুষ্ঠানের পাঁচ দিন আগে গণমাধ্যমে প্রচার করা হবে। নিরাপত্তা ও অন্যান্য ব্যবস্থা: ১৭ জানুয়ারি থেকে ইজতেমাস্থলে প্রায় ১৫ হাজার পুলিশ ও ৫৪০ জন ব্যাটালিয়ন আনসার নিয়োজিত থাকবে। এ ছাড়া র‌্যাবের ১০টি পর্যবেক্ষণ টাওয়ার ও সিসিটিভি স্থাপন করা হবে। মেটাল ডিটেক্টরের মাধ্যমে ব্যাপকভাবে তল্লাশি করা হবে। এ ছাড়াও মাঠে থাকবে সাদা পোশাকের পুলিশ। ১৮ জানুয়ারির মধ্যে তুরাগের ওপর পন্টুুন সেতু নির্মাণ করা হবে। হেলিপ্যাড নির্মাণের বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিদেশি মুসল্লিদের জন্য মুন্নু গেট থেকে কামারপাড়া পর্যন্ত রাস্তা কার্পেটিং করা হচ্ছে। চিকিৎসা: ইজতেমা মাঠের তিনটি স্থানে ৩৭টি অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হবে। কার্ডিয়াক, বার্ন, অ্যাজমা রোগী এবং দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য টঙ্গী হাসপাতালে বিশেষ টিম ও অ্যাম্বুলেন্স থাকবে। এ ছাড়া ডায়রিয়া নিয়ন্ত্রণে টঙ্গী হাসপাতালে ওআরটি কর্নার সার্বক্ষণিক চালু থাকবে। বিদ্যুৎ ও অগ্নিনির্বাপণ: ইজতেমা কমিটির চাহিদা অনুযায়ী ইতিমধ্যে প্রায় সাড়ে তিন কি.মি. বিদ্যুৎ লাইন সংস্কারের আওতায় স্থানান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট ১১ কেভি ফিডার ও বিতরণ ট্রান্সফরমারের রক্ষণাবেক্ষণও চলছে। ১৮ জানুয়ারির মধ্যে চারটি জেনারেটর স্থাপন করা হবে। সম্ভাব্য দুর্ঘটনার জন্য চারটি অ্যাম্বুলেন্স, তিনটি পানির গাড়ি এবং এ কাজে ২১৪ জন লোক নিয়োগ দেওয়া হয়েছে। টেলিফোন ও গ্যাস সংযোগ: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী যেখানে অবস্থান করবেন সেখানে দুটি হটলাইন সংযোগসহ নির্ধারিত পয়েন্টে ৪০টি টেলিফোন সংযোগ দেওয়া হচ্ছে। এ ছাড়া ইজতেমাস্থলে গ্যাস সরবরাহের জন্য গ্যাস সংযোগ পরীক্ষা করা হচ্ছে। হোটেল ও অন্যান্য: স্যানিটারি উপপরিদর্শকের নেতৃত্বে ১২টি স্যানিটেশন টিম মাঠের আশপাশের হোটেল ও রেস্তোরাঁয় নিরাপদ খাদ্য ও পানির ব্যবস্থা নিশ্চিত করতে সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। প্রয়োজনীয় সংখ্যক ভ্রাম্যমাণ আদালত থাকবে।