বাংলাভিশনে আজ রাতে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক নো প্রবলেম। নাটকটি যৌথভাবে লিখেছেন নজরুল ইসলাম ও সৌমি ইসলাম। পরিচালনা করেছেন অম্লান বিশ্বাস। এখানে অভিনয় করছেন মেহজাবিন। কথা হলো তাঁর সঙ্গে।আপনি তো ২০০৯ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় সেরা হয়েছিলেন। তবে আপনাকে ধারাবাহিক নাটকে দেখা যায়নি।আমি কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেছি। যেমন আলভি আহমেদের শোধ, পিটার কোরেশির বন্ধুদের গল্প, তারেক জামানের ঘুম নেই। তবে নো প্রবলেম ধারাবাহিকটির প্রচার আগে শুরু হচ্ছে। ওই হিসেবে এটাই আমার প্রথম ধারাবাহিক। আমি আসলে এক ঘণ্টার কাজই বেশি করেছি। ওখানে সময় কম লাগে। কাজটা দ্রুত শেষ হয়ে যায়।‘নো প্রবলেম’ নাটকে কবে কাজ করেছিলেন?এ বছরই, ফেব্রুয়ারিতে। ঢাকার কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শুটিং করেছি। কিছু কাজ অবশ্য বাইরেও করেছি, যমুনা রিসোর্টে।এই ধারাবাহিকে কাজ করে কেমন লেগেছে?খুব ভালো। কারণ আমরা যেমন, এখানে সে রকম চরিত্রেই কাজ করেছি। নিজেদের জীবনের সঙ্গে গল্পটা খুব মিলে গেছে। তাই মনেই হয়নি যে অভিনয় করছি। আমার চরিত্রটির নাম প্রীতি। বাবা-মা নেই। যথেষ্ট স্মার্ট। হিন্দি ছবির ভক্ত। প্রীতির ধারণা, জীবনটা বোধ হয় ছবির মতোই। কিন্তু জীবনে যে নানা জটিলতা থাকে, তা সে জানে না। মেধা ও বুদ্ধি খাটিয়ে সে সবার সব সমস্যা মেটানোর চেষ্টা করে। ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার অনেকেই চলচ্চিত্রে অভিনয় করেছেন। আপনার খবর কী?আমার আগে যিনি সেরা হয়েছিলেন, সেই চৈতি আপুর ছবি তো কিছুদিন আগে মুক্তি পেল। আমার ব্যাপারে এখনো কোনো আলোচনা হয়নি। হয়তো শিগগিরই হবে। ওটা হয়তো করতে হবে। তবে এখনই চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করার ইচ্ছা নেই। কারণ, তাতে পড়াশোনার ব্যাঘাত হবে।আপনি এখন কী পড়ছেন?এ লেভেল করছি। সামনে পরীক্ষা দিতে হবে। পড়াশোনা শেষ হওয়ার পর সবকিছু করব।