এবার নজরুলসংগীতের অ্যালবাম করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধুনিক গানের শিল্পী সৈয়দ আব্দুল হাদী এবার রবীন্দ্রসংগীত গেয়েছেন। অ্যালবামের নাম ‘যখন ভাঙল মিলনমেলা’। বের করেছে লেজার ভিশন। গতকাল শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনার হলে অ্যালবামটির মোড়ক খোলা হলো। অ্যালবামের গান নিয়ে আজ রাতে দেশ টিভিতে দেখানো হবে একটি অনুষ্ঠান। কথা হলো সৈয়দ আব্দুল হাদীর সঙ্গে। রবীন্দ্রসংগীত গাওয়ার ব্যাপারে আগ্রহী হলেন কেন?রবীন্দ্রসংগীতের প্রতি আমার আগ্রহ একেবারে ছোটবেলা থেকেই। আমার বাবা রবীন্দ্রসংগীত গাইতেন। বাড়িতে গ্রামোফোন ছিল। তাতে রবীন্দ্রসংগীতের রেকর্ড শুনতাম। গানের প্রতি আমার আকর্ষণ তৈরি হয়েছিল রবীন্দ্রসংগীত শুনে শুনে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে ভর্তি হওয়ার পর রবীন্দ্রনাথকে আরও গভীরভাবে জানার সুযোগ হয়। তখন রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত এবং গজল গাইতাম। এরপর তো আধুনিক গানের সঙ্গে জড়িয়ে গেলাম। ইচ্ছে ছিল রবীন্দ্রনাথের গান নিয়ে অ্যালবাম করব। নানা ব্যস্ততার কারণে সেটা সম্ভব হয়নি। পরে ভাবলাম, এখন যদি না করি, তাহলে হয়তো আর করাই হবে না। অ্যালবামের জন্য রবীন্দ্রনাথের কোন গানগুলো বেছে নিয়েছেন?যে গানগুলো বাবাকে গাইতে শুনেছি, সেগুলো তখনই আমার মুখস্থ হয়ে গেছে। সেই গানগুলো এবং আমার পছন্দের কিছু গান অ্যালবামে রেখেছি। আমি নিজেই সংগীতায়োজন করেছি। রবীন্দ্রসংগীতের মূল ভাব ঠিক রেখে অ্যালবামে কিছুটা নতুনত্ব আনার চেষ্টা করেছি। আশা করছি, শ্রোতারা একটু অন্য রকম স্বাদ পাবেন। গানগুলো হলো—‘আমি চঞ্চল হে’, ‘মম যৌবন নিকুঞ্জে’, ‘যখন ভাঙল মিলনমেলা’, ‘বিদায়বেলার মালাখানি’, ‘তুমি কি কেবলই ছবি’, ‘এসো গো জ্বেলে দিয়ে যাও প্রদীপখানি’ ‘মনে কি দ্বিধা রেখে’, ‘তুমি কেমন করে’, ‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন’।রবীন্দ্রসংগীতের চর্চা করেছেন কার কাছে?চর্চার ব্যাপারটা তো ছোটবেলায় নিজের থেকেই ছিল। এ ছাড়া দীর্ঘ সময় ধরে আবদুল আহাদের কাছে গান শিখেছি। বেতারে তিনি আমাকে দিয়ে রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান করিয়েছিলেন। রবীন্দ্রসংগীতের পর নতুন কিছু ভাবছেন?আগেই বলেছি, আমি কিন্তু নজরুলসংগীতও করতাম। ইচ্ছা আছে, সামনে নজরুলসংগীতের একটা পূর্ণাঙ্গ অ্যালবাম করব।