এবার নাকচ করল ইরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান-ওয়াশিংটন দ্বিপক্ষীয় আলোচনায় বসার ব্যাপারে নীতিগতভাবে সম্মত হয়েছে বলে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যুক্তরাষ্ট্রের পর এবার এই খবরের সত্যতা নাকচ করেছে ইরান। গতকাল রোববার বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়।যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ার এক দিন পর গতকাল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলি আকবর সালেহী এক সংবাদ সম্মেলনে বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো আলোচনা বা সমঝোতা হয়নি। ছয় জাতির সঙ্গে পরমাণু বিষয়ে আলোচনা চলছে। এর বাইরে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয়ভাবে আমাদের কোনো আলোচনা হয়নি।’ওবামা প্রশাসনের কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে ‘নিউইয়র্ক টাইমস’-এর এক প্রতিবেদনে বলা হয়, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দ্বিপক্ষীয় আলোচনায় বসতে নীতিগতভাবে রাজি হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। দুই পক্ষের মধ্যে কয়েক দফা গোপন বৈঠকের পর এ সিদ্ধান্ত হয়েছে। তবে ইরান একটা বিষয় স্পষ্ট করে জানিয়েছে, আগামী ৬ নভেম্বর মার্কিন নির্বাচনের আগে তারা এ আলোচনায় বসতে রাজি নয়।হোয়াইট হাউসের পক্ষ থেকে ‘নিউইয়র্ক টাইমস’-এর এই প্রতিবেদন নাকচ করে দেওয়া হয়েছে। হোয়াইট হাউস বলেছে, তারা বিষয়টি নিয়ে কূটনৈতিক সমাধানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র টমি ভিয়েটর গত শনিবার বলেন, মার্কিন নির্বাচনের পর তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনায় বসার সমঝোতা নিয়ে যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়। তিনি বলেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সৃষ্ট অচলাবস্থা কাটাতে কূটনৈতিক সমাধানের লক্ষ্যে তাঁরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ চালিয়ে যাবেন। যুক্তরাষ্ট্র এ ব্যাপারে শুরু থেকে বলে আসছে যে তারা দ্বিপক্ষীয় আলোচনায় বসতে প্রস্তুত। এ জন্য তাদের কোনো পরিকল্পনা নেই।পশ্চিমা বিশ্বের অভিযোগ, ইরান গোপনে পারমাণবিক বোমা তৈরির লক্ষ্যে কাজ করছে। তেহরানের দাবি, তারা বেসামরিক উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে। বিষয়টি নিয়ে যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনা চলছিল। আলোচনায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ইরানের বিরুদ্ধে এরই মধ্যে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হলেও কার্যত তা কোনো ফল বয়ে আনেনি।