এবার নাজমুল হুদাকে দোহার থানা বিএনপির আল্টিমেটাম!
দোহার থানা বিএনপি ও সব অঙ্গ সংগঠন সম্মিলিতভাবে বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী নাজমুল হুদাকে পাল্টা আল্টিমেটাম দিয়েছে। গত বুধবার (২৩ মে) নাজমুল হুদা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আল্টিমেটাম দিয়ে বলেন, আগামী ৫ জুনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি (খালেদা জিয়া) সংলাপের আহ্বান না জানালে পদত্যাগ করবেন। এর জবাবে দোহার থানা বিএনপিসহ সব অঙ্গসংগঠন সম্মিলিতভাবে ৩০ মের মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে নাজমুল হুদার সঙ্গে সম্পর্ক ছেদ করবে বলে আল্টিমেটাম দিয়েছে।গতকাল শনিবার রাত ১০টার দিকে রাজধানী ঢাকার ওয়ারীর নিজ বাসায় দোহার বিএনপির সেক্রেটারি সিরাজুল ইসলামের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় নাজমুল হুদার বক্তব্য নিয়ে বিএনপি নেতারা খোলামেলা আলোচনা করেন।এ ব্যাপারে নাজমুল হুদা প্রথম আলো ডট কমকে বলেন, দোহার থানা বিএনপি তাঁকে আল্টিমেটাম দেয়নি। দোহারের বিএনপি তাঁকে ভালোবেসে তাঁর পদত্যাগ করাবিষয়ক বক্তব্য প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে।খালেদা জিয়া ৫ জুনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংলাপের আহ্বান না জানালে পদত্যাগ করবেন কি না, এমন প্রশ্নের জবাবে নাজমুল হুদা বলেন, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি তিনি রাখবেন, তবে বিএনপির জন্য তাঁর নৈতিক ভালোবাসা থাকবে।