দেশ টিভিতে আজ রাতে দেখানো হবে নাটক ফুট ওভারব্রিজ ও সংশ্লিষ্ট গল্প। নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন মুরাদ পারভেজ। এতে অভিনয় করেছেন সোহানা সাবা। কথা হলো তাঁর সঙ্গে। ‘ফুট ওভারব্রিজ ও সংশ্লিষ্ট গল্প’ নাটকের কাজ কোথায় করেছিলেন?আমার দাদাবাড়ি, রাজবাড়ীতে। মুরাদ (মুরাদ পারভেজ) ওখানে যখনই গিয়েছে, তখনই শুটিং করার পরিকল্পনা করেছে। আমি রাজি হইনি। এবার তো নাটকটির কাজ করতে গিয়ে অনেক মজা হয়েছে। আমার বাবার নয় ভাইবোন। নাটকের শুটিং উপলক্ষে মার্চ মাসে অনেকেই এবার বাড়ি গিয়েছেন, সঙ্গে তাঁদের ছেলেমেয়ে। বুঝতেই পারছেন, কাজের চেয়ে আড্ডাটাই তখন বেশি হয়েছে। ঈদের কাজের খবর কী?একটি দারুণ খবর আছে। আমি এবার নাটক পরিচালনা করব। বিদেশি লোককাহিনি অবলম্বনে নাট্যরূপ দিয়েছে মুরাদ। একটা রাত আর তার ১০ বছর পরের কিছু ঘটনা নিয়ে নাটকের গল্প। এখন অভিনয়শিল্পী চূড়ান্ত করার কাজ করছি। এখানে অভিনয় করবেন আজিজুল হাকিম ও দীপান্বিতা। আগস্ট মাসের গোড়ার দিকে শুটিং করব। দেশ টিভিতে এবার ঈদে দেখানো হবে নাটকটি।পরিচালনা করতে গিয়ে স্বামীর (মুরাদ পারভেজ) সাহায্য নিতে হয়েছিল?একটুও না। তবে ওর সঙ্গে থেকে থেকে আমি কিন্তু পরিচালনার কাজটা বেশ রপ্ত করেছি। ইচ্ছা তো ছিলই, কিন্তু এত তাড়াতাড়ি পরিচালনা করব—তা ভাবিনি। আর এখন আমি ফ্যাশন ডিজাইনের ওপর স্নাতক করছি। ইচ্ছা আছে, দেশের বাইরে চলচ্চিত্র নির্মাণের ওপর উচ্চতর পড়াশোনা করব। নতুন চলচ্চিত্রে অভিনয়ের কী খবর?আজ (বুধবার) রাতে একটি নতুন ছবিতে সাইন করব। নাম নাইওরি। পরিচালক রুহুল আমিন। এটি হবে আমার পঞ্চম ছবি। এখানে আমার বিপরীতে অভিনয় করবেন আমিন খান। প্রায় তিন বছর পর ১৮ জুলাই আবার চলচ্চিত্রের কাজ শুরু করতে যাচ্ছি। আমি শেষ অভিনয় করেছি মোরশেদুল ইসলামের প্রিয়তমেষু ছবিতে।