এবার নাট্যকার
নাটকের নাম মোটরসাইকেল। লিখেছেন পুলক। এটি তাঁর ডাকনাম। পুরো নাম জাহিদ হাসান। প্রথমে মঞ্চনাটকে অভিনয়। এরপর টিভি নাটকে। সেখান থেকেই পরিচালনা। এবার নাট্যকার হিসেবে পরিচিতি লাভ করতে যাচ্ছেন। জানা গেছে, জাহিদ হাসান তাঁর অভিনয়ে আসার সময়কার একটি ঘটনা নিয়ে নাটকটি লিখেছেন। অবশ্য জাহিদ বলেছেন, ‘নাটকের প্রতিটি চরিত্রই আমার কল্পনার অংশমাত্র। তার পরও যদি কারও সঙ্গে আমার নাটকের চরিত্র মিলে যায়, তাহলে সেটা হবে কাকতালীয় কোনো ঘটনা।’হঠাৎ নাটক লিখলেন যে? জাহিদ হাসেন। ‘মাঝেমধ্যেই দু-একটি গল্প মাথায় আসে, যে ঘটনাগুলোর দু-একটি অংশ আমার সঙ্গে মিলে যায়। এ রকমই একটি গল্পের অংশ হচ্ছে মোটরসাইকেল। নাটকটি লিখে ফেললাম। ঠিক করলাম, নিজেই পরিচালনা করব। কাজটা করলাম। এখন অনেকটাই ভালো লাগছে।’ বললেন তিনি। নাটকের গল্প কী রকম?জাহিদ বলেন, ‘এক ছেলেকে ভালোবাসত একটি মেয়ে। ছেলেটির বাইসাইকেলে চড়ে মেয়েটি ঘুরে বেড়াত। মেয়েটি একদিন ছেলেটিকে বলল, তুমি একটি মোটরসাইকেল কেনো। খোলা হাওয়ায় ঘুরতে খুবই ভালো লাগে। ভালোবাসার টানে ছেলেটি অনেক কষ্ট করে একটি মোটরসাইকেল কিনল। কিন্তু তত দিনে মেয়েটি অন্য একজনের হয়ে গেছে।’ নাটকটি ঈদে বাংলাভিশনে প্রচার করা হবে। এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, সিদ্দিক, নওশীনসহ আরও অনেকে।