এনটিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক ‘মানবজমিন’। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে যৌথভাবে নাটকটির নাট্যরূপ দিয়েছেন মুরাদ পারভেজ ও আসাদুল ইসলাম। পরিচালনা করেছেন মুরাদ পারভেজ। পাশাপাশি দেশ টিভিতে দেখানো হবে আরেকটি ধারাবাহিক নাটক ‘সীমান্ত’। এটি রচনা ও পরিচালনা করেছেন বদরুল আনাম। দুটি নাটকেই অভিনয় করছেন সুবর্ণা মুস্তাফা। কথা হলো তাঁর সঙ্গে।‘সীমান্ত’ নাটক নিয়ে গতকাল রোববার সন্ধ্যায় এক অনুষ্ঠানের আয়োজন করলেন। সীমান্ত নাটকটি হঠাৎ করেই দেশ টিভিতে দেখানো শুরু হয়েছিল। তখন নাটকটির উদ্বোধনী প্রদর্শনী করতে পারিনি। গতকাল রোববার নাটকের ৫১তম পর্ব দেখানো হলো। এই উপলক্ষে ঢাকা ক্লাবের সিনহা লাউঞ্জে সুহূদ সমাগমের আয়োজন করি। এখানে দেশ টিভির কর্মকর্তা, এই নাটকের শিল্পী ও কলাকুশলীরা আর আমাদের কাছের কয়েকজন অতিথি ছিলেন। উপসংহার নামে আরেকটি ধারাবাহিক তৈরি করেছি। শিগগিরই এটি দেখানো হবে। এই নাটকের শিল্পী ও কলাকুশলীরা এখানে ছিলেন।এই দুটি নাটকই আপনাদের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তৈরি হয়েছে?হ্যাঁ। বছর দুয়েক আগে আমি আর সৌদ মিলে একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়েছি। নাম ‘সাতকাহন’। এই দুটি ধারাবাহিক ছাড়াও এখান থেকে কয়েকটি এক ঘণ্টার নাটক তৈরি হয়েছে। ‘সীমান্ত’ নাটকের গল্প কত পর্বে শেষ হচ্ছে?শুরুতে ভেবেছিলাম ৫২ পর্বেই নাটকটি শেষ করব। কিন্তু গল্পের কারণেই ৭৮ পর্বে গিয়ে শেষ হবে। দেশ টিভি থেকে কিছু পর্ব বাড়ানোর জন্য অনুরোধ করেছিল। আমরা রাজি হইনি। তাতে মূল গল্পটি নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।‘মানবজমিন’ নাটকটি নিয়ে কিছু বলুন।খুব নিয়ম মেনে কাজটি করা হচ্ছে। পূর্বপ্রস্তুতিটাও বেশ ভালো ছিল। তাই কাজ করার সময় কোনো ঝামেলা হয়নি। আমার চরিত্রটি একেবারেই অন্য রকম। মফস্বলে থাকি। স্বামী অকর্মণ্য। কাজটা করেছিলাম রাজেন্দ্রপুরে। ঈদের জন্য কোনো নাটক করছেন?গত ঈদে আকাশ কুসুম নামে একটি নাটক পরিচালনা করেছিলাম। আশির দশকের গোড়ার দিকে তারাশঙ্করের লেখা থেকে আমার মা একটি নাটক লিখেছিলেন। ওই সময় এটি বিটিভিতে দেখানো হয়েছিল। আমি অভিনয় করেছিলাম। মায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গত বছর নাটকের গল্পটি একটু এদিক-সেদিক করে আমি তৈরি করি। এই নাটকে আমার চরিত্রে অভিনয় করেছে প্রীতি। এবার একেবারেই নিজের লেখা মৌলিক নাটক পরিচালনা করব। নাম শূন্যে। এটি ঈদে দেশ টিভিতে দেখানো হবে।