এবার নিরাপদ সড়ক দিবসের প্রস্তাব বিআরটিএর
২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণার জন্য সরকারের কাছে প্রস্তাব দিয়েছে বিআরটিএ। তবে বিকল্প হিসেবে ১৩ আগস্টও এই দিবস হতে পারে। বিআরটিএর এই প্রস্তাবটি এখন যোগাযোগ মন্ত্রণালয়ের কাছে। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নিরাপদ সড়ক দিবসের প্রস্তাব যোগাযোগ মন্ত্রণালয়ের বিবেচনার জন্য পাঠায়। এ প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার যোগাযোগ মন্ত্রণালয়ের উদ্যোগে আন্তমন্ত্রণালয়ে এক সভা অনুষ্ঠিত হবে।যোগাযোগ সচিব মোজাম্মেল হক খান এ বিষয়ে প্রথম আলোকে বলেন, তাঁরা প্রস্তাব পেয়েছেন। প্রস্তাবটি নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার আন্তমন্ত্রণালয়ে সভা আহ্বান করা হয়েছে। এ সভায় প্রস্তাবটি চূড়ান্ত করা হলে তা মন্ত্রিসভায় অনুমোদনের জন্য পাঠানো হবে। মন্ত্রিসভায় অনুমোদন পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে নিরাপদ সড়ক দিবস ঘোষণা করা হবে। প্রসঙ্গত, নিরাপদ সড়ক চাই আন্দোলনের মুখ্য উদ্যোক্তা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চন ১৯৯৩ সালের ২২ অক্টোবর সড়ক দুর্ঘটনায় নিহত হন। তিনি দীর্ঘদিন ধরে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করছেন। সে জন্য ২২ অক্টোবর তারিখকে বিবেচনায় নিয়েছে বিআরটিএ। অন্যদিকে চলতি মাসের ১৩ আগস্ট মানিকগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দেশের বরেণ্য চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং বিশিষ্ট চিত্রগ্রাহক ও এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। এই তারিখটিও বিবেচনায় নিয়েছে বিআরটিএ।এ ব্যাপারে নিরাপদ সড়ক চাই আন্দোলনের মুখ্য উদ্যোক্তা ইলিয়াস কাঞ্চন প্রথম আলোকে বলেন, ‘গত ১৮ বছর ধরে নিরাপদ সড়কের দাবিতে আমরা আন্দোলন করে আসছি। সরকার জাতীয় নিরাপদ সড়ক ঘোষণার যে প্রস্তাব দিয়েছেন সেটা খুবই আনন্দের। তবে শুধু ঘোষণায় সীমাবদ্ধ থাকলে চলবে না। নানা ধরনের আলোচনা এবং সভা সেমিনারের মাধ্যমে সড়ক দুর্ঘটনার ব্যাপারে জনগণকে বেশি করে সচেতন করে তুলতে হবে। এ জন্য দেশের সব মানুষের সম্পৃক্ততা প্রয়োজন।’ তিনি আরও বলেন, ‘ড্রাইভিং লাইসেন্স দেওয়ার যে পদ্ধতি সেটার আমূল পরিবর্তন করতে হবে। এ ছাড়া মোটর ভেহিক্যাল আইন এবং দণ্ডবিধিও অনেক সময়োপযোগী এবং অদূর ভবিষ্যতের কথা চিন্তা করে করতে হবে।’ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমি শুনেছি প্রধানমন্ত্রী গতকাল শিক্ষামন্ত্রীকে রাস্তা পারাপার এবং গাড়ি ব্যবহারের নিয়ম বলী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে পদক্ষেপ নিতে বলেছেন। এটাও একটা গুরুত্বপূর্ণ দিক। শুধু তাই নয়, চালকদের মানসিক উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এ ছাড়া তাদের বর্তমান যে প্রশিক্ষণ পদ্ধতি সেটার বড় ধরনের পরিবর্তন করতে হবে।’