এক দশক ধরে অলরাউন্ডাররা আন্তর্জাতিক ক্রিকেটে বিলুপ্তপ্রায় প্রজাতি হয়ে যাচ্ছে। সঠিক হিসাবটা বলতে পারব না, তবে আইসিসির অন্যান্য টুর্নামেন্টের চেয়ে বিশ্বকাপে অলরাউন্ডারের সংখ্যা আরও কম থাকে। আর তাই একজন অলরাউন্ডার হিসেবে এই বিশ্বকাপে যেতে পারছি বলে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে।অবশ্য আপনি ‘অলরাউন্ডার’ ধারণাটিকে কীভাবে ব্যাখ্যা করেন, সেটিও একটি প্রশ্ন। অনেক ব্যাটসম্যানই আছে যারা টুকটাক বোলিং করতে পারে। বোলাররাও দিনকে দিন ব্যাটিংয়ে আরও উন্নতিও করছে। তবে বেশির ভাগ ক্রিকেটারই সুনির্দিষ্টভাবে হয় ব্যাটিং নয়তো বোলিংয়েই মন দেয়। কারও পছন্দ হয়তো ব্যাটিং, কারও বোলিং।কেন এমন হচ্ছে, সেটি আমি উপলব্ধি করতে পারি বৈকি। কয়েক বছর ধরে এমন অনেক লেখা আমি পড়েছি, যেখানে একজন অলরাউন্ডারকে ব্যাটিং-বোলিংয়ের একটি ছেড়ে দিতে বাধ্য করা হয়েছে। কারণ ক্রমেই বাড়তে থাকা আন্তর্জাতিক ক্রিকেটের প্রচণ্ড চাপ, ব্যস্ত সূচির ধকল তাদের শরীর সামলে উঠতে পারে না।ক্যারিয়ারে কখনোই বড় ধরনের কোনো ইনজুরিতে পড়িনি বলে নিজেকে ভাগ্যবান মনে হয় অবশ্যই। কিন্তু বিষয়টি এমনও নয়, এই ভাগ্য আমার পড়ে পাওয়া। হ্যাঁ, এই ধকল সয়ে নেওয়ার মতো শক্ত শরীর আমি পেয়েছি ঠিকই, কিন্তু একই সঙ্গে এই চাপ সামলে নেওয়ার জন্য আমি কঠোর পরিশ্রমও করেছি। বছরের পর বছর। অনেকটা গাড়ির মতো, যেটির নিয়মিত সার্ভিসিং লাগে এবং অবশ্যই আমার পক্ষেও পুরো গতিতে সব সময়ই ছোটা সম্ভবও হয় না।প্রথম সারির অলরাউন্ডারকে আমি এভাবে সংজ্ঞায়িত করি—যে কিনা এক থেকে পাঁচের মধ্যে ব্যাট করবে, বল করে সাত থেকে ১০ ওভার। এ ধরনের অলরাউন্ডারকে দলে রাখতে সবাইই চাইবে। এতে একজন অধিনায়কের হাতে অনেক বিকল্প তৈরি হয়। ধরুন, দলের একজন ম্যাচ উইনারের খারাপ সময় যাচ্ছে, আরও সমর্থন দরকার। দলে একজন অলরাউন্ডার থাকলে ফর্মহীন ওই খেলোয়াড়টিকেও নেওয়া সম্ভব হয়।একজন খাঁটি ফাস্ট বোলার শুরুতেই দু-তিনটি উইকেট তুলে নিতে পারে, একজন আক্রমণাত্মক স্পিনার সেটি করতে পারে মাঝের ওভারগুলোয়। কিন্তু একই সঙ্গে তাদের কিন্তু বেশি রান দেওয়ার ঝুঁকিও থাকে। আবার একইভাবে একজন অধিনায়ক এমন এক ব্যাটসম্যানকে নিতে চায়, যে ৪৫ বলে ৭০-৮০ রান করতে পারে। কিন্তু অধিনায়ক দলে এর চেয়েও বেশি এক বা দুজন অলরাউন্ডার নিতেই বেশি আগ্রহী হয়, এতে করে নিশ্চয়তাটা থাকে।পড়ে আবার ভাববেন না অলরাউন্ডার মানেই নিশ্চিত সাফল্য। না, সেটি একদমই নয়। এমন দিনও আসতে পারে আমি শূন্য রানে আউট হলাম কিংবা ওভারে ১০ রান করে দিলাম। কিন্তু একজন বোলার-ব্যাটসম্যানের চেয়ে একজন অলরাউন্ডারের পার্থক্য, একই দিনে বোলিং-ব্যাটিং দুই জায়গাতেই তার ব্যর্থ হওয়ার আশঙ্কা কম।বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে নিয়ে হূদয়ে রক্তঝরা অনেক স্মৃতি আছে। এটাও সত্যি, চাপের মুখে আমরা আমাদের কাজগুলো ঠিকমতো করতে পারিনি। কিন্তু তার পরও বলব, চাপে ভেঙে পড়াটাকে আমাদের ‘অভ্যাস’ হিসেবে উল্লেখ করার সময় বাড়িয়েই বলা হয়। আসলে আমাদের একটা ভুল—বিশ্বকাপটা আমরা জিততে চেয়েছি খুব বেশি করে। তবে আমি কিন্তু এখনো বিশ্বকাপটা জিততে চাই, আগে যেমনটা চাইতাম। যেমনটা চেয়েছিলাম সেই কৈশোরে, ১৯৯২ সালে আমাদের প্রথম বিশ্বকাপ দেখার সময়। তবে আগের বিশ্বকাপের সঙ্গে এটার পার্থক্য, এবার আমি অনেকটাই নির্ভার। হাজার হোক এটা আমার পঞ্চম বিশ্বকাপ। দলে প্রথম বিশ্বকাপ খেলতে আসা যে ১১ জন আছে, তাদের প্রত্যেককে নির্ভার রাখার চেষ্টাও আমি করব। উপলক্ষটাকে উপভোগ করব। চাপ আর প্রত্যাশার ভারটাকে স্বাগত জানাব, যে চাপ প্রতি চার বছর পরপর আসে। যে চাপ আসলে এড়ানোর কোনো উপায় নেই।