এবার পাঠক ফোরামের ব্যানারে মানববন্ধন
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের ফাঁসি দাবি করে এবার মানববন্ধন হয়েছে ‘জাতীয় সংবাদপত্র পাঠক ফোরামে’র ব্যানারে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের ব্যানারে বড় করে লেখা ছিল, ‘গণতন্ত্রকে গলাটিপে হত্যার চেষ্টাকারী প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের গ্রেপ্তার ও ফাঁসি চাই।’ এই মানববন্ধনে বিভিন্ন বয়সের ৫৫ ব্যক্তি অংশ নেন। জানতে চাইলে তাঁদের বেশির ভাগই মানববন্ধনে কেন এসেছেন বা কী উদ্দেশ্যে এই আয়োজন, বলতে পারেননি। এমনকি তাঁরা তাঁদের নাম-পরিচয়ও বলতে চাননি। কথিত এই পাঠক ফোরাম কবে থেকে যাত্রা শুরু করেছে, তা-ও বলতে পারেননি অংশগ্রহণকারীরা। ফোরামের নেতা হিসেবে পরিচয়দানকারী ব্যক্তিরাও তাঁদের সংগঠনের কার্যালয়ের ঠিকানা, এমনকি টেলিফোন নম্বরও দিতে পারেননি।এর আগে গত আগস্ট মাসে কয়েক শুক্রবার একই স্থানে, একই ভাষায় লেখা ব্যানার ও ফেস্টুন নিয়ে মানববন্ধন করা হয়। তবে তখন মানববন্ধন করা হয়েছিল ‘ডিজিটাল বাংলাদেশ ফোরাম’ ও ‘পরিবর্তন ফাউন্ডেশনের’ ব্যানারে। তবে প্রধান অতিথি ছিলেন একই ব্যক্তি। মানববন্ধনে অংশগ্রহণকারী মাইনুল হোসেন সেগুনবাগিচার একটি প্রতিষ্ঠানে কাজ করেন। তিনি জানান, তাঁকে প্রেসক্লাবের সামনে নিয়ে আসা হয়েছে। একই মন্তব্য পাওয়া গেছে সাভার সরকারি কলেজের ছাত্র হূদয় হাওলাদার, ঢাকা কলেজের ছাত্র হাসান মাসউদের কাছ থেকেও। পরে জগলুল হক নামের এক ব্যক্তি নিজেকে সংগঠনটির সভাপতি দাবি করেন। তিনি পেশায় ব্যবসায়ী এবং গতকালই সংগঠনটির আত্মপ্রকাশ ঘটেছে বলে জানান। এর আগে তিনি পরিবর্তন ফাউন্ডেশনসহ আরও কিছু সংগঠনের নেতৃত্ব দিয়েছেন বলে উল্লেখ করেন। দুপুর ১২টার দিকে অনুষ্ঠান শেষ হওয়ামাত্র জগলুল হক ঘটনাস্থল ছেড়ে যান।আরেকজন অংশগ্রহণকারী ইউসুফ বাবলু বলেন, এর আগেও পাঠকদের সচেতনতা সৃষ্টির জন্য তাঁরা বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। গতকালের উদ্যোগটিও তেমনই। মানববন্ধনের ব্যানারে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হলেও বক্তারা প্রথম আলো বা পত্রিকাটির সম্পাদকের বিরুদ্ধে বলার চেয়ে বেশি বক্তব্য দিয়েছেন বিএনপির বিরুদ্ধে। একই সঙ্গে সরকারের বন্দনা করেছেন।মানববন্ধনের প্রধান অতিথি সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান বলেন, ‘মতিউর রহমান শিক্ষিত মানুষ, আমি তাঁকে চিনি না, দেখেছি।’ তিনি মতিউর রহমানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনি দেশবাসীকে মুক্তি দিন। আপনি নির্বাচন করে সংসদে আসুন, সেখানে কথা বলুন। কাগজে মিথ্যা কথা লিখবেন না।’সাবেক এই রাষ্ট্রদূত আরও বলেন, ‘আপনারা প্রশ্ন করতে পারেন, এখানে কেন এসেছি। আমি অক্সফোর্ডে ছিলাম, সেখানে বসে দেখলাম, পার্লামেন্টে পরিচিত সম্পাদক মতিউর রহমানকে নিয়ে আলোচনা হচ্ছে। আগেও কিছু কিছু কথা শুনেছি। দেখলাম, মন্ত্রী শাজাহান খান ২১ আগস্টের কথা বলেছেন।’ ওয়ালিউর রহমান এর আগে একই স্থানে গত আগস্টে ‘ডিজিটাল বাংলাদেশ ফোরাম’ ও ‘পরিবর্তন ফাউন্ডেশনের’ ব্যানারে আয়োজিত এ ধরনের আরও মানববন্ধনে প্রধান অতিথি থেকে এমন বক্তব্য দিয়েছেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল কুদ্দুস মতিউর রহমানকে উদ্দেশ করে ‘হুঁশিয়ার, সাবধান’ বাণী উচ্চারণ করেন। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আপনার দলে কিছু বদমাশ ঢুকেছে। তাদের শাস্তি দিন।’আইনজীবী আবু সাঈদ তাঁর বক্তব্যের প্রায় পুরোটা সময় বিএনপিকে গালাগাল করেন।গ্রুপ থিয়েটার ফেডারেশনের তথ্য ও গবেষণা সম্পাদক আসলাম শিহির, ফোরামের আহ্বায়ক জগলুল হক ও অন্য বক্তারা বক্তব্য দেন।