এবার পাস করলেন তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একবার না পারিলে দেখ শতবার। কবির এ উক্তিটিকে বাস্তবে প্রমাণ করেছেন রাজবাড়ীর গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি কলেজের অফিস সুপার মো. মনিরুজ্জামান। নিজের দুই ছেলের সঙ্গে দুবার এইচএসসি পরীক্ষা দিয়ে পাস করতে না পারলেও চারবারের পর এবার তিনি ৫১ বছর বয়সে কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইচএসসি (বিএম) পরীক্ষা দিয়ে এ গ্রেডে পাস করেছেন। মনিরুজ্জামান জানান, ১৯৭৬ সালে তিনি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউট থেকে এসএসসি পরীক্ষায় দ্বিতীয় বিভাগে পাস করেন। সংসারের অভাবের কারণে ১৯৭৮ সালে তিনি কিশোরগঞ্জের ভৈরব বাজারে ‘জব্বার জুট মিলে’ ১৫১ টাকা মাসিক বেতনে শ্রমিক হিসেবে চাকরিতে যোগ দেন। চাকরিরত অবস্থায় ১৯৮২ সালে তিনি আফরোজা বেগমকে বিয়ে করেন। ১৯৮৪ সালে তিনি চাকরি ছেড়ে চলে আসেন গ্রামের বাড়ি রাজবাড়ীর ভাগলপুরে। ১৯৮৬ সালে গোয়ালন্দে কামরুল ইসলাম ডিগ্রি মহাবিদ্যালয় চালু হলে তিনি মাসিক ৩০০ টাকা বেতনে ‘করনিক’ হিসেবে যোগ দেন। কিন্তু শিক্ষাগত যোগ্যতার সনদের অভাবে তাঁর পদোন্নতির পথ আটকে যায়। তাই প্রতিজ্ঞা করেন যে করেই হোক এইচএসসি পাস করতেই হবে। ২০০৫ সালে কলেজের পাশেই অবস্থিত এফ কে টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হন। ওই বছরই তাঁর বড় ছেলে মো. মাশেকুজ্জামান মানবিক বিভাগে ভর্তি হয় কামরুল ইসলাম কলেজে। ২০০৭ সালে বাবা ও ছেলে পাশাপাশি দুই কেন্দ্রে বসে এইচএসসি পরীক্ষা দেন। ছেলে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলেজে ডিগ্রিতে ভর্তি হলেও তিনি একটি বিষয়ে অকৃতকার্য হন। ২০০৮ সালে তিনি আবারও ওই বিষয়ে পরীক্ষা দিলে অকৃতকার্য হন। পরে ২০০৯ সালে মেজ ছেলে মাজেদুজ্জামান এবং তিনি এইচএসসি পরীক্ষা দেন। কিন্তু এবারও তিনি অকৃতকার্য হন। ছেলে উত্তীর্ণ হয়ে ফরিদপুর সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজে ইংরেজি বিভাগে সম্মান প্রথম বর্ষে ভর্তি হন। সর্বশেষ চলতি বছরের পরীক্ষায় তিনি এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হন। মনিরুজ্জামান এ ব্যাপারে বলেন, ‘কারও মনে যদি কোনো সংকল্প থাকে এবং সে অনুযায়ী কাজ করে তাহলে একদিন সফলতা আসবেই।’এ ব্যাপারে কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন বাদল বলেন, ‘মনিরুজ্জামান যেমন দক্ষ তেমন মনোযোগী। কলেজের কাজ শেষে সংসার সামাল দেওয়া তারপর নিজের একটি সার্টিফিকেটের জন্য পড়াশোনা করা এসবই হয়েছে তার দৃঢ় সংকল্পের জন্য। তাঁর সফলতা সবার চোখে আঙুল তুলে দেখিয়েছে কোনো কাজ একবার না পারলে বারবার দেখলে একদিন সফলতা আসবেই।’