এবার পুলিশ লাইনস থেকে ১১০০ গুলিসহ দুই পুলিশ গ্রেপ্তার
এবার খোদ রাজারবাগ পুলিশ লাইনস থেকে অবৈধ একটি রিভলবার, একটি ম্যাগাজিন ও এক হাজার ১০০টি গুলিসহ পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহিদ হোসেন (৪৭) ও কনস্টেবল আবু সায়েমকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত ২৪ অক্টোবর রাতে ৫০০টি গুলিসহ রাজধানীর কাফরুল থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় পুলিশের নায়েক প্রেম চাকমা ও জেনাল চাকমাকে। তাঁদের গুলি সরবরাহে জড়িত থাকার অভিযোগে গত মঙ্গলবার গ্রেপ্তার করা হয় মাসুদ মিয়া নামের আরেক পুলিশ কনস্টেবলকে। এঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে রাজারবাগ থেকে ওই দুই পুলিশ সদস্যকে অবৈধ অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার করা হয়। গতকাল এসআই জাহিদ ও কনস্টেবল সায়েমকে সাত দিনের হেফাজতে (রিমান্ড) নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। আর মাসুদ মিয়াকে পাঁচ দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।মামলার অভিযোগে বলা হয়, মঙ্গলবার রাত আটটার দিকে রাজারবাগ পুলিশ লাইনসের আইজিপি রিজার্ভ স্টোরের অফিস কক্ষ থেকে ওই স্টোরে কর্মরত এসআই জাহিদ ও কনস্টেবল সায়েমকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যমতে, ওই অফিস কক্ষের একটি কাঠের আলমারি থেকে এক হাজার ১০৩টি বিভিন্ন ধরনের গুলি, একটি জার্মানির তৈরি আট চেম্বারের রিভলবার ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এক হাজার ১০৩টি গুলির মধ্যে ৫০৫টি পিস্তলের, ১৮৯টি চায়নিজ রাইফেলের, ১৩৭টি ৩০৩ (থ্রি নট থ্রি) রাইফেলের, ১২০টি পয়েন্ট টুটু পিস্তলের, ৬৫টি শটগানের, ৫০টি পয়েন্ট টুটু ফেডারেল শর্ট পিস্তলের, ১১টি পয়েন্ট থ্রিটু লং রিভলবারের, ১০টি পয়েন্ট থ্রিএইট রিভলবারের, আটটি পয়েন্ট থ্রিটু পিস্তলের, ছয়টি পয়েন্ট থ্রিএইট স্পেশাল হলোপিস্তলের, দুটি পয়েন্ট টুটু ম্যাগনাম লং পিস্তলের গুলি। এ ছাড়া ওই আলমারি থেকে পিস্তলের একটি খালি ম্যাগাজিন, দুই হাজার ৪১৫টি বিভিন্ন ধরনের গুলির খোসা ও জার্মানির তৈরি একটি আট চেম্বারের রিভলবার উদ্ধার করা হয়।মামলার এজাহারে বলা হয়, এই দুজন এর আগে বিভিন্ন জায়গায় একাধিকবার অবৈধ অস্ত্র ও গুলি সরবরাহ করেছেন। গত ২৪ অক্টোবর রাতে ৫০০টি গুলিসহ গ্রেপ্তার নায়েক প্রেম চাকমা ও জেনাল চামকাকেও এই দুজনই গুলি সরবরাহ করেছেন।স্বীকারোক্তি: গত ২৪ অক্টোবর গ্রেপ্তার প্রেম চাকমা ও জেনাল চাকমাকে ছয় দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে জবানবন্দি নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান তাঁর খাসকামরায় দুজনের জবানবন্দি লিপিবদ্ধ করেন। আদালত জবানবন্দি গ্রহণ শেষে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। সূত্র জানায়, জবানবন্দিতে দুই পুলিশ সদস্য আদালতকে বলেছেন, তাঁরা আগে পাহাড়ি একটি সংগঠনের সদস্য ছিলেন। পার্বত্য চুক্তি হওয়ার পরের বছর ১৯৯৮ সালে তাঁরা অস্ত্র সমর্পণ করে পুলিশে যোগ দেন। কনস্টেবল প্রেম চাকমার বাড়ি খাগড়াছড়ি জেলার মহালছড়িতে। জেনাল চাকমার বাড়ি রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলায়।