এবার পুলিশি হয়রানির শিকার সাংবাদিক নিখিল
জাতীয় সংসদ ভবন এলাকায় পুলিশি হয়রানির শিকার হয়েছেন সড়ক দুর্ঘটনায় পা হারানো কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার নিখিল ভদ্র।আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে আসাদ গেটসংলগ্ন সংসদের প্রবেশ ফটকে এ ঘটনা ঘটে। ওই সময় গেটে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্য লুত্ফর নিখিলের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।বিকেলে অধিবেশনের সংবাদ সংগ্রহের জন্য নিখিল সংসদ এলাকায় ঢুকতে গেলে পুলিশ তাঁকে বাধা দেয়। ওই সময় নিখিল সংসদ সচিবালয়ের সরবরাহ করা অধিবেশন পাস দেখালেও তাঁকে ঢুকতে দেওয়া হয়নি। প্রায় ২০ মিনিট তাঁকে ওখানে দাঁড় করিয়ে রাখেন লুত্ফর। এ সময় ওই পুলিশ সদস্য নিখিলকে বলেন, ‘ওই পাস দিয়ে সংসদে ঢোকা যায় না। ভেতরের অফিস থেকে পাস এনে ঢুকতে হবে।’এ সময় নিখিল তাঁর কাছে থাকা পাস সম্পর্কে বোঝানোর চেষ্টা করলে ওই পুলিশ সদস্য তাঁকে সিএনজি থেকে নেমে আসতে বলেন। পরে নিখিল সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক ও স্পিকারের একান্ত সচিব জয়নাল আবেদীনকে ফোন দিয়ে ওই পুলিশ সদস্যের সঙ্গে কথা বলতে বলেন। ওই পুলিশ সদস্য সে সময় কথা বলতে অস্বীকার করে বলেন, ‘কোনো জয়নালকে আমি চিনি না। পারলে তাঁকে আসতে বলেন।’ পরে আরেক সহকর্মী এসে নিখিলকে ভেতরে নিয়ে যান।এ বিষয়ে সংসদের সার্জেন্ট অ্যাট আর্মস ক্যাপ্টেন ফারুক হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি আমি দেখছি। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’