এবার পোশাক খুলে ছাত্রী নিগ্রহ
সাম্প্রতিক সময়ে ছাত্রী নিগ্রহের অভিযোগে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। বিশ্বভারতীতে এক ছাত্রীকে প্রস্রাব খাওয়ানোর ঘটনায় তীব্র সমালোচনা হয় প্রতিষ্ঠানটির। এ ঘটনার রেশ কাটতে না-কাটতেই আবারও ছাত্রী নিপীড়নের অভিযোগ উঠেছে এক শিক্ষিকার বিরুদ্ধে। অষ্টম শ্রেণীর এক ছাত্রীর পোশাক খুলে শরীর তল্লাশি করার দায়ে পুলিশ গ্রেপ্তার করেছে রূপালী দে নামের এ শিক্ষিকাকে। গত ১১ জুলাই উত্তর ২৪ পরগনার গোপালনগর গিরিবালা বালিকা বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটার পর আজ পুলিশ গ্রেপ্তার করেছিল এই শিক্ষিকাকে।ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত বুধবার স্কুল চলাকালীন ব্যাগ থেকে টাকা চুরি যাওয়ার পর শিক্ষিকার কাছে অভিযোগ করে অষ্টম শ্রেণীর এক ছাত্রী। এরপর তার সহপাঠী আরেক ছাত্রীর কাপড় খুলে তল্লাশি চালান এই শিক্ষিকা। এ ঘটনার প্রতিবাদে থানায় মামলা করেন মেয়েটির বাবা পবিত্র মণ্ডল। এরপর আজ পুলিশ গ্রেপ্তার করে রূপালী দেকে। তবে আদালতে হাজির হওয়ার পর ৫০০ রুপির বিনিময়ে জামিন পেয়েছেন তিনি। ভারতীয় আইনের ৩৫৪ ও ৫০৯ ধারায় নারী নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার করা হয় এ শিক্ষিকাকে।অল্প কিছুদিন আগে একই জেলার বনগাঁ মহকুমার গাইহাটার বেড়িগোপাল আদর্শ উচ্চবিদ্যালয়ে সঠিক স্কুল পোশাক পরে না আসায়, কো এড স্কুলে ক্লাসের সব ছাত্রছাত্রীর সামনেই সপ্তম শ্রেণীর এক ছাত্রীর পোশাক খুলে নেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছিল।— পিটিআই