এবার প্রথম ক্লাসেই শিক্ষার্থীর হাতে নতুন বই থাকবে: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বছরের প্রথম ক্লাসেই সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হবে। বছরের শুরুতেই শিক্ষার্থীর হাতে নতুন বই দেওয়া এ সরকারের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ ছিল। ১৯ কোটি বই ছাপানোর পর এসব বই বিদ্যালয়ে পৌঁছে দিয়ে সে চ্যালেঞ্জ মোকাবিলা করা হচ্ছে। আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে সুবর্ণজয়ন্তী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহ-উপাচার্য হারুন রশিদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক মিজানুর রহমান। এতে স্বাগত বক্তব্য দেন তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভগের অধ্যাপক এম এ মান্নান।শিক্ষামন্ত্রী বলেন, জাতির জন্য আধুনিক, মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা প্রয়োজন। শিক্ষা খাতে জ্ঞান ও নৈতিক মূল্যবোধের সমন্বয় ঘটিয়ে গুণগত পরিবর্তন আনা হবে।উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, তথ্য সবকিছুর চালিকাশক্তি। কাজেই সার্বিক অস্তিত্ব বজায় রাখার একমাত্র উপায় তথ্য। সুবর্ণজয়ন্তী উপলক্ষে টিএসসি চত্বর আজ তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী এবং শিক্ষকদের মিলনমেলায় পরিণত হয়। বাসস।