এবার প্রথম হয়ে কাঁদালেন বকর
জীবনটা ছিল ঘাম-ঝরা পরিশ্রমের। কিন্তু চোখজুড়ে ছিল স্বপ্ন। সে স্বপ্ন সত্যিও হয়েছে। কিন্তু তার আগেই রক্তে ভিজে চলে গেছেন আবু বকর। গতকাল মঙ্গলবার তাঁর পরীক্ষার ফল বেরিয়েছে। সর্বোচ্চ জিপিএ পেয়ে যুগ্মভাবে প্রথম হয়েছেন তিনি। ১ ফেব্রুয়ারি রাতে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলে নিজ কক্ষের বারান্দায় মাথায় আঘাত পান আবু বকর। ৩ ফেব্রুয়ারি সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। পড়ালেখার খরচ জোগাতে প্রাণান্ত চেষ্টা আর পরিবারের দুঃখ-দারিদ্র্য সবাইকে নাড়া দেয় তাঁর মৃত্যুর পর। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ সেমিস্টারের ফল গতকাল প্রকাশিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক প্রথম আলোকে বলেন, চতুর্থ সেমিস্টারে আবু বকরের তিনটি কোর্স ছিল। এর মধ্যে ২০৬ নম্বর কোর্সে বকর তিন দশমিক ৭৫ এবং ২০৭ ও ২০৮ নম্বর কোর্সে তিন দশমিক ৫০ করে পেয়েছেন। তাঁর সহপাঠী নাজমা প্রতিটি কোর্সে তিন দশমিক ৫০ করে পেয়েছেন। আগের সব সেমিস্টারের ফল মিলিয়ে বকর নাজমার সঙ্গে যৌথভাবে প্রথম হয়েছেন। বকরের সর্বোচ্চ জিপিএ পাওয়ার খবরে অঝোরে কেঁদেছেন তাঁর শিক্ষক-সহপাঠীরা। কেঁদেছেন পরিবারের সদস্যরা। বকরের বড় ভাই আব্বাস আলী প্রথম আলোকে বলেন, ‘শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল বকর। সর্বশেষ বিভাগীয় চূড়ান্ত পরীক্ষায় সিজিপিএ তিন দশমিক ৫২ পেয়ে প্রথম হলো। কিন্তু কী হবে এই ফল দিয়ে...?’ কান্নায় ভেঙে পড়লেন আব্বাস। আবু বকর ২০০৬-০৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ২০০৯ সালের সেপ্টেম্বর মাসে সর্বশেষ পরীক্ষায় অংশ নেন। প্রথম সেমিস্টারে জিপিএ তিন দশমিক ৫৮ নিয়ে দ্বিতীয়, পরের সেমিস্টারেই তিন দশমিক ১৭ নিয়ে একটু পিছিয়ে পড়েন। তৃতীয় সেমিস্টারে তিন দশমিক ৭৫ পেয়ে আবার ঘুরে দাঁড়ান। তার পর চতুর্থ সেমস্টাির...। প্রথম হওয়ার খবর আর জানবেন না বকর। তবে চতুর্থ সেমিস্টারের পরীক্ষা দিয়েই প্রথম হওয়ার আশা প্রকাশ করেছিলেন আবু বকর। বকরের বন্ধু আবদুল আলীম প্রথম আলোকে বলেন, ‘পরীক্ষার শেষ দিনে একসঙ্গে বের হচ্ছিলাম হল থেকে। বকর বলল, এবার প্রথম হব, দোস্ত। সে প্রথম হলো ঠিকই, কিন্তু নিজে জানতে পারল না।’বিভাগের সহকারী অধ্যাপক নুসরাত ফাতেমা প্রথম আলোকে বলেন, ‘পঞ্চম সেমিস্টারের শেষ মিডটার্ম পরীক্ষায় আমার কোর্সে ১৫ তে বকর সর্বোচ্চ ১২ পেয়েছে। এত ভালো ছাত্রটি এভাবে চলে গেল!’ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘আবু বকরের প্রথম হওয়ার খবরটি আনন্দের। কিন্তু তাঁর চলে যাওয়ার কথা মনে হলে এই ফল বেদনা জাগায়। এভাবে যেন আর কোনো স্বপ্নের মৃত্যু না হয়।’