এবার প্রাণ গেল স্কুলছাত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বখাটের কারণে এবার প্রাণ গেল স্কুলছাত্রী রূপালী রানী বরাতির। গতকাল সোমবার সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিঝুরি গ্রামে এক বখাটের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকাবাসী ওই বখাটেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।জানা যায়, রূপালীর বাড়ি বগুড়ার শেরপুর উপজেলার খলিসাগাড়ি গ্রামে। তার বাবার নাম সুনীল চন্দ্র বরাতি। রূপালী পার্শ্ববর্তী উপজেলা রায়গঞ্জের সীমাবাড়ী বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ছিল। বিদ্যালয়ে যাওয়া-আসার পথে প্রায়ই তাকে উত্ত্যক্ত করত পাশের নিঝুরি গ্রামের বখাটে সুশীল চন্দ্র মণ্ডল (২২)।এলাকাবাসী সূত্রে জানা যায়, রূপালী গতকাল সকাল সাতটার দিকে শিক্ষকের কাছে পড়ার জন্য সুশীলের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় সুশীল জোর করে তাকে ধরে বাড়িতে নিয়ে যায়। আশপাশের লোকজন তা দেখে রূপালীর বাড়িতে খবর দেয়। পরিবারের লোকজন রূপালীকে উদ্ধারের জন্য ওই বাড়িতে গেলে সুশীলের বাড়ির লোকজন বিষয়টি অস্বীকার করে। এতে তাঁরা বাড়ি ফিরে যান। ঘণ্টা খানেক পর তাঁরা কয়েকজন প্রতিবেশীকে সঙ্গে নিয়ে আবারও সুশীলের বাড়িতে যান। তাঁরা ওই বাড়ির একটি ঘরে ঢুকে মেঝেতে রূপালীর মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হলে গ্রামবাসী সুশীলকে আটক করে পুলিশে খবর দেয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ রূপালীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতালের মর্গে পাঠায়।সুশীল সাংবাদিকদের কাছে দাবি করে, সে রূপালীকে ঘরে আটকে সিঁথিতে সিঁদুর দিয়েছিল। এরপর তাকে ঘরে রেখে সে বাইরে থেকে দরজা আটকে চলে যায়। ঘণ্টা খানেক পর ওই ঘরের দরজা খুলে আড়ার সঙ্গে রূপালীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।রূপালীর ভাই কনক বরাতি এ ঘটনায় বখাটে সুশীল, তার মা এবং পাঁচ ভাই ও তাঁদের স্ত্রীদের আসামি করে (মোট ১২ জন) রায়গঞ্জ থানায় মামলা করেছেন। পুলিশ প্রাথমিকভাবে রূপালীর মৃত্যুকে আত্মহত্যা বলে ধারণা করছে।সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, জিজ্ঞাসাবাদে সুশীল জোর করে রূপালীকে ধরে নিয়ে সিঁথিতে সিঁদুর দেওয়ার কথা স্বীকার করেছে। সে রায়গঞ্জে রাজমিস্ত্রির কাজ করে। ঘটনার পর থেকে তার পরিবারের সদস্যরা পলাতক।সিরাজগঞ্জের পুলিশ সুপার মোশারফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘রূপালীকে অপহরণের পর ধর্ষণের চেষ্টা করা হয়েছিল বলে জানা গেছে।’পারিবারিক সূত্রে জানা গেছে, দুই ভাই ও চার বোনের মধ্যে রূপালী পঞ্চম। বড় ভাই কনক ব্যবসায়ী। তাঁর আয়েই সংসার চলে। বড় তিন বোনের বিয়ে হয়ে গেছে। তাঁরা ভারতে থাকেন। সবার ছোট ভাই অষ্টম শ্রেণীতে পড়ে।মেয়ের এমন মৃত্যুতে রূপালীর মা তরী রানী বরাতি ভেঙে পড়েছেন। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘সকালে মেয়েটা খেয়েও যায়নি। সে আর আমায় মা বলে ডাকবে না।’রূপালীর আত্মীয় করতোয়া নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সত্যলোচন বরাতি বলেন, ‘পড়ালেখায় সে (রূপালী) খুব ভালো ছিল। এমন ঘটনা তার ভাগ্যে ঘটবে, তা আমরা ভাবতেও পারছি না।’এর কয়েক দিন আগে নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর কলেজের শিক্ষক মিজানুর রহমান এবং ফরিদপুরের মধুখালীতে চাঁপা রানী ভৌমিক বখাটেদের হামলায় নিহত হন। ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় মিজানুর এবং মেয়েদের উত্ত্যক্তের বিচার চাওয়ায় চাঁপা রানীকে হত্যা করে বখাটেরা।কলেজশিক্ষক মিজানুরের বাড়িতে শিক্ষামন্ত্রী: রাজশাহী থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল সকাল ১০টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার চক লক্ষ্মীপুর গ্রামে কলেজশিক্ষক মিজানুর রহমানের বাড়িতে যান। তিনি মিজানুরের মাসহ পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে বলেন, ‘আমরা এসেছি আপনাদের পাশে দাঁড়াতে, সম্মান জানাতে, শ্রদ্ধা জানতে, মিজানুরের জীবন থেকে শিক্ষা নিতে।’মিজানুরের ওপর গত ১২ অক্টোবর বখাটে আসিফ ও রাজন হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। ২৪ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি মারা যান।শিক্ষামন্ত্রী বলেন, ‘আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। তখন ব্যবস্থা নেওয়া হলে আজকে এসব ঘটনা কমে আসত। বিচ্ছিন্নভাবে বা শুধু আইন দিয়ে বখাটেদের মোকাবিলা করা যাবে না। তাদের প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’ তিনি বলেন, মিজানুরের স্ত্রীর চাকরি এবং পরিবারকে অন্যান্য সহযোগিতা করার বিষয়ে আগেই ঘোষণা দেওয়া হয়েছে। তাঁর স্ত্রী ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে ঢাকায় গেছেন।মিজানুরের মৃত্যুর দিনটিকে ‘ইভ টিজিং প্রতিরোধ দিবস’ ঘোষণার দাবি জানিয়ে এ সময় শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি দেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) সভাপতি সফিকুর রহমান।মিজানুরের বাড়িতে যাওয়ার আগে শিক্ষামন্ত্রী নওগাঁয় গত শনিবার বখাটের হামলায় আহত আবদুল হান্নান, তাঁর ছেলে ও আত্মীয়কে দেখতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যান। তিনি বখাটের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।