এবার ফেল করলেন শিক্ষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিরকাল শিক্ষকেরাই পরীক্ষা নিয়ে আসছেন শিক্ষার্থীদের। শিক্ষকদের কখনো পোহাতে হয় না পাস-ফেলের ঝক্কি। তবে পরীক্ষায় বসলে শিক্ষকেরাও যে ফেল করতে পারেন, সেটাই প্রমাণ হয়েছে ভারতের বিহার রাজ্যে। এই রাজ্যে প্রাথমিক স্কুলের শিক্ষকদের যোগ্যতাসূচক একটি পরীক্ষায় পাস করতে পারেননি ১৫১ জন শিক্ষক। ইতিমধ্যে বরখাস্তও করা হয়েছে ফেল করা এই শিক্ষকদের।বিহারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এই যোগ্যতাসূচক পরীক্ষায় ২০১০ ও ২০১১ সালে টানা দুই বছর পাস করতে না পারার পর বরখাস্ত করা হয়েছে এই ১৫১ জন শিক্ষককে। তাঁদের পরীক্ষা নেওয়া হয়েছিল পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রযোজ্য ইংরেজি, গণিত, হিন্দি ও সাধারণ জ্ঞান বিষয়ের ওপরে। এই শিক্ষকদের বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন বিহারের প্রাথমিক শিক্ষা পরিচালক আশুতোষ। পরবর্তী ১৫ দিনের মধ্যে এই বরখাস্তের আদেশ কার্যকর করার নির্দেশও দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের। আইএএনএস।