এবার বঙ্গবন্ধুকে যুদ্ধাপরাধীদের প্রশ্রয়দাতা বলল বিএনপি
এবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যুদ্ধাপরাধীদের প্রশ্রয়দাতা আখ্যা দিয়ে তাঁর বিচার দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের প্রথম প্রশ্রয়দাতা শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগ। কাজেই প্রশ্রয়দাতা হিসেবে শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের বিচার হওয়া উচিত। আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) উদ্যোগে ‘মুক্তিযুদ্ধের চেতনা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ এ কথা বলেন।বিজেপির চেয়ারম্যান এম এ মতিনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, এনপিপির চেয়ারম্যান শেখ শওকত হোসেন, বিজেপির মহাসচিব আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ।সাম্প্রতিক সময়ে বিএনপির নেতারা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভিন্ন ধরনের বিতর্কিত বক্তব্য দিচ্ছেন। এর আগে ২৭ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বলে দাবি করেছিলেন বিএনপির শীর্ষস্থানীয় দুই নেতা।