এবার বন্ধ হলো ফরিদপুর-আলফাডাঙ্গা রুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তা চলাচলের অনুপযোগী হওয়ায় ফরিদপুর-বোয়ালমারী-আলফাডাঙ্গা রুটে মালিক ও শ্রমিকেরা বাস চালাতে রাজি হচ্ছেন না। দুর্ঘটনার আশঙ্কায় গত শনিবার থেকে ওই রুটে তাঁরা কোনো বাস চালাচ্ছেন না। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে।জেলা বাস মালিক সমিতি জানায়, ওই রুটে ঢাকা-খুলনা মহাসড়কের মাঝকান্দি থেকে আলফাডাঙ্গা পর্যন্ত দূরত্ব ৩৪ কিলোমিটার। রাস্তাটির ২৬ কিলোমিটার খানাখন্দে ভরা। গত কয়েক দিনের প্রবল বৃষ্টিতে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান সিদ্দিকী প্রথম আলোকে বলেন, সড়কটির অবস্থা এতই করুণ যে ওই রুটে চালক ও শ্রমিকেরা বাস চালাতে রাজি হচ্ছেন না। বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় ওই রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি জুবায়ের জাকির প্রথম আলোকে বলেন, চালক ও শ্রমিকেরা বাস চালাতে রাজি না হওয়ায় বাসমালিক ও শ্রমিকনেতারা সম্মিলিতভাবে গত শনিবার থেকে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। সড়কটি সংস্কার না হওয়া পর্যন্ত ওই রুটে বাস চলাচল বন্ধ থাকবে।জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সন্তোষ কুমার রায় বলেন, ৩০-৪০ বছর ধরে ওই সড়কে কোনো সংস্কারকাজ হয়নি। সড়কটি খানাখন্দে ভরে গেছে। ১০ কোটি টাকা ব্যয়ে সড়কটির ২৬ কিলোমিটার অংশ সংস্কারকাজ হাতে নেওয়া হয়েছে। ঠিকাদারও ঠিক হয়ে গেছে। প্রাকৃতিক পরিবেশ উন্নত হলে কাজ শুরু করা হবে।প্রসঙ্গত, ওই রুটে প্রতিদিন শতাধিক বাস যাওয়া-আসা করে। প্রায় ২০ হাজার যাত্রী চলাফেরা করে। এর মধ্যে অধিকাংশই স্কুল-কলেজের শিক্ষার্থী ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী।