এবার বাংলাদেশগামী থাই জাহাজ জলদস্যুদের কবলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমালিয়ার জলদস্যুরা আরব সাগরে এবার ২৭ জন নাবিকসহ থাইল্যান্ডের পতাকাবাহী একটি জাহাজ ছিনতাই করেছে। গতকাল শনিবার ‘এমভি থর নেক্সাস’ নামের জাহাজটি সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশ আসছিল। খবর এএফপি ও এপির।জাহাজটির সমুদ্রযাত্রাবিষয়ক পূর্ব আফ্রিকার কর্মকর্তা অ্যান্ড্রু মুয়ানগুরা জানান, জাহাজটির সব নাবিকই থাইল্যান্ডের। সালালা বন্দরের ৩৫০ নটিক্যাল মাইল পূর্বে আরব সাগরে জাহাজটি ছিনতাই হয়। সমুদ্র পর্যবেক্ষক সংস্থা ইকোটেরা ইন্টারন্যাশনাল জানায়, সোমালিয়ার জলদস্যুরা বর্তমানে অন্তত ৪০টি বিদেশি জাহাজ ও ৭০০ নাবিককে আটকে রেখেছে। তবে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী জানিয়েছে, সোমালিয়ার জলদস্যুরা বর্তমানে ২৫টি জাহাজ ছিনতাই করে ৬০১ জন নাবিককে জিম্মি করে রেখেছে। ব্রাসেলসভিত্তিক এনএভিএফওআরের বিবৃতিতে বলা হয়েছে, ছিনতাই হওয়া ২০ হাজার ৩৭৭ টন ওজনের সাধারণ কার্গো জাহাজটিতে থাইল্যান্ডের পতাকা ছিল। সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দর থেকে বাংলাদেশ যাওয়ার পথে ভারত মহাসাগরে ইয়েমেনের সোকোত্রা দ্বীপের প্রায় ৪৫০ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে জাহাজটি জলদস্যুদের কবলে পড়ে। গৃহযুদ্ধে বিধ্বস্ত হর্ন অব আফ্রিকার দেশ সোমালিয়ার জলসীমায় বিদেশি যুদ্ধজাহাজের উপস্থিতি সত্ত্বেও জলদস্যুরা জাহাজ ছিনতাই করেই চলছে। গৃহযুদ্ধের কারণে সোমালিয়ায় ১৯ বছর ধরে কার্যকর কোনো সরকার নেই। এর আগে ৫ ডিসেম্বর সোমালিয়ার জলদস্যুরা বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘জাহান মণি’ ছিনতাই করে। ছিনতাইয়ের সময় জাহাজটিতে ক্যাপ্টেন ও নাবিকসহ ২৫ জন বাংলাদেশি অবস্থান করছিলেন। তাঁরা ছাড়াও জাহাজটিতে এক কর্মকর্তার স্ত্রী ছিলেন।