এবার বাণিজ্যিক সংযোগে গ্যাসের দাম বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের পর এবার গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু করছে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আবাসিক ও বিদ্যুৎকেন্দ্র ছাড়া সব ক্ষেত্রে গ্যাসের দাম বাড়ানো হবে। এ বিষয়ে জ্বালানি মন্ত্রণালয়ের অনুমোদিত পেট্রোবাংলার একটি প্রস্তাব বিইআরসির কাছে আছে। ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্র, সিএনজি স্টেশন, শিল্প, বাণিজ্যিক প্রতিষ্ঠান, সার কারখানা ও চা-বাগানে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে কাজ চলছে।সরকারি সূত্র জানায়, পেট্রোবাংলা গ্যাসের দাম বাড়ানোর যে প্রস্তাব তৈরি করে মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠিয়েছিল, তাতে বিদ্যুৎকেন্দ্র এবং আবাসিক খাতেও গ্যাসের দাম বাড়ানোর কথা ছিল। কিন্তু মন্ত্রণালয় এই দুটি খাতে দাম বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেনি। প্রস্তাবে ছয়টি খাতে গ্যাসের দাম গড়ে ৩৪ দশমিক ৩৮ শতাংশ বাড়ানোর কথা রয়েছে। বিইআরসি এই প্রস্তাব নিয়ে কাজ শুরু করছে।বিইআরসির সদস্য সেলিম মাহমুদ গতকাল শনিবার বলেন, গ্যাসের দাম যৌক্তিক পর্যায়ে পুনর্নির্ধারণের জন্য তাঁরা কাজ শুরু করবেন। বিইআরসির আইন ও পদ্ধতি অনুযায়ী এটা করা হবে। বিইআরসির কাছে দেওয়া পেট্রোবাংলার প্রস্তাবে যে ছয়টি খাতে গ্যাসের দাম বাড়ানোর কথা বলা হয়েছে, সেগুলো হচ্ছে: ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্রে (বেসরকারি শিল্পোদ্যোক্তাদের নিজস্ব প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য ভর্তুকি মূল্যে পাওয়া গ্যাসে উৎপাদিত) ১০২ দশমিক ৯৪ শতাংশ। সিএনজি স্টেশনে ৩৯ দশমিক ১০ শতাংশ। শিল্প ৩২ দশমিক ৬০ শতাংশ। বাণিজ্যিক প্রতিষ্ঠানে ৩০ দশমিক ৫৫ শতাংশ। সার কারখানা ৯ দশমিক ৭১ এবং চা-বাগান ২০ দশমিক ৫৫ শতাংশ।পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর বলেন, গ্যাসের দাম আরও আগেই বাড়ানো দরকার ছিল। এখন যত তাড়াতাড়ি বাড়ানো হয় ততই মঙ্গল। কারণ, জ্বালানি খাতের উন্নয়নের জন্য এই খাতের আয় থেকেই বিনিয়োগ করতে হবে। আবাসিক খাতে দাম না বাড়ানো প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আবাসিক খাত তো সরকার ফ্রি করেই রেখেছে। টাকা-পয়সা না দিয়েই নতুন নতুন সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করা যাচ্ছে। পেট্রোবাংলা প্রস্তাব দিয়েছিল আবাসিক খাতেও দাম বাড়ানোর। কিন্তু মন্ত্রণালয় তাতে অনুমোদন দেয়নি। বিদ্যুৎকেন্দ্রে ব্যবহারের ক্ষেত্রেও মূল্যবৃদ্ধির প্রস্তাব মন্ত্রণালয় অনুমোদন করেনি।পেট্রোবাংলার চেয়ারম্যান দাবি করেন, আবাসিক খাতে দাম বাড়িয়েও নতুন সংযোগ উন্মুক্ত করে দিলে মানুষ খুশি হতো। সরকারেরও ক্ষতি হতো না। সরকারি সূত্রগুলো জানায়, আবাসিক খাতে জ্বালানি সংস্থানের ব্যাপারে সরকার স্পষ্ট কোনো নীতি নিয়ে অগ্রসর হতে পারছে না। এই খাতে পাইপলাইন সংযোগ স্থায়ীভাবে বন্ধ করে দিয়ে এলপি গ্যাসের সরবরাহ বাড়িয়ে সংস্থানের পরিকল্পনা সরকার করেছিল। এ জন্য এলপি গ্যাসে ভর্তুকি দেওয়ার নীতিগত সিদ্ধান্তও সরকারের ছিল। কিন্তু এর কোনো কিছুই হচ্ছে না।