আওয়ামী লীগের কর্মী ইব্রাহিম আহমেদের মৃত্যুর ঘটনার তদন্তভার নিয়েই মামলার বাদীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার বিকেলে সাংসদ নুরুন্নবী চৌধুরীর গাড়িচালক কামাল হোসেন ও যুবলীগের কর্মী মিঠুকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়।গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, মামলায় অনেক অসংগতি রয়েছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, মামলায় যে ঘটনাস্থলের কথা বলা হয়েছে, সেখানে কোনো গুলির ঘটনাই ঘটেনি। আটক হওয়া ব্যক্তিদের বক্তব্যের মধ্যেও রয়েছে অনেক অসংগতি। এসব বিষয় খতিয়ে দেখা হবে।গতকাল গোয়েন্দা পুলিশের কাছে মামলার নথিপত্র হস্তান্তর করেছেন তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) আজিমউদ্দীন। ডিবির উপকমিশনার (উত্তর) মাহবুবর রহমান প্রথম আলোকে বলেন, মামলার তদন্ত শুরু করেছে ডিবি। বাদী গাড়িচালক কামাল ও যুবলীগের কর্মী মিঠুকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মনিরুজ্জামান জানান, ইব্রাহিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান চারজন। এঁরা হলেন চালক কামাল, মিঠু, মিঠুর মাইক্রোবাসের চালক মিজান ও সোহেল নামের একজন।অতিরিক্ত উপকমিশনার জানান, তিনটি প্রশ্ন সামনে রেখে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। এগুলো হলো গুলির ঘটনা কোথায় ঘটেছে, কে গুলি করল, কেন-কীভাবে গুলি করল।তদন্ত-সংশ্লিষ্ট গোয়েন্দা কর্মকর্তারা জানান, মামলার বিবরণে অনেক অসংগতি রয়েছে। কারণ ওই এলাকায় দায়িত্বরত এবং আশপাশের লোকজন জানিয়েছেন, ওই সময় সংসদ ভবন এলাকায় কোনো গুলির ঘটনা ঘটেনি। আর কামাল ও মিঠুর বক্তব্যের মধ্যেও অনেক অসংগতি।প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিঠু জানিয়েছেন, সাংসদ নুরুন্নবীর গাড়ির পেছনেই তাঁর ভাড়া করা মাইক্রোবাসটি রাখা ছিল। তিনি একটু দূরেই ছিলেন। হঠাৎ দেখেন কয়েকজন মিলে একজনকে তাঁর মাইক্রোবাসে তুলছেন। তিনি কাছে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় ইব্রাহিমকে তোলা হচ্ছে। তারপর তিনি, চালক কামাল ও সোহেল ঢাকা মেডিকেলে নিয়ে যান ইব্রাহিমকে। গাড়ি চালান মিজান। পুলিশ কর্মকর্তারা জানান, ঢাকা মেডিকেলে যাওয়ার পর সোহেল ইব্রাহিমের সঙ্গে ছিলেন বলে দাবি মিঠুর। অন্যরা কেন হাসপাতাল ত্যাগ করলেন, এ প্রশ্নের জবাবে তাঁরা জানিয়েছেন, সাংসদ নুরুন্নবীকে বিস্তারিত জানাতে তাঁরা হাসপাতাল থেকে সংসদ ভবনে যান।কামাল ও মিঠুকে জিজ্ঞাসাবাদ করা প্রসঙ্গে ইব্রাহিমের স্ত্রী রীনা ইসলাম প্রথম আলোকে বলেন, ওদের খুব শক্তভাবে জিজ্ঞাসাবাদ করা দরকার। চালক কামাল যেহেতু পরিবারের কাউকে না জানিয়ে মামলা করেছেন, তাহলে ধরে নেওয়া যায় তিনি ঘটনার আদ্যোপান্ত জানেন। আর মিঠুর গাড়িতে ইব্রাহিমকে মেডিকেলে নেওয়া হয়। তাঁর বিশ্বাস, এঁরা দুজনই সব জানেন। তাঁদের কাছেই সব তথ্য পাওয়া যাবে।গতকাল মামলার আলামত হিসেবে জব্দ করা পিস্তল, গুলির খোসা পরীক্ষার জন্য আদালতের নির্দেশের পর সিআইডির কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা কর্মকর্তারা।১৩ আগস্ট ইব্রাহিমের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ফেলে যান কয়েকজন। এরপর ওই রাতেই ভোলা-৩ আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ নুরুন্নবী চৌধুরীর গাড়িচালক কামালের অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে অপমৃত্যুর মামলা নেয় শেরেবাংলা নগর থানার পুলিশ। কিন্তু তখনো তাঁর পরিবারের কেউ জানতেন না কোথায়, কীভাবে গুলি লেগে নিহত হলেন ইব্রাহিম। মামলায় বলা হয়, সাংসদ নুরুন্নবীর গাড়ির ভেতর রাখা লাইসেন্স করা পিস্তল নিয়ে নাড়াচাড়া করার সময় গুলি বের হয়ে ইব্রাহিম মারা যান।