এবার বাসচাপায় প্রাণ হারালেন পুলিশ কনস্টেবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে তেলবাহী লরির চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর পরদিন গতকাল সোমবার দুটি বাসের মাঝে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন পুলিশের এক কনস্টেবল। গতকাল সকালে বাংলামোটর মোড়ে নিহত এই কনস্টেবলের নাম কামরুজ্জামান (৩৪)। তিনি পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত ছিলেন।হাসপাতাল, পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, কামরুজ্জামান সকাল সোয়া নয়টার দিকে বাংলামোটরে একটি বাস থেকে নামেন। এ সময় অন্য একটি বাস সেখানে আসে। তিনি এই দুই বাসের মাঝে চাপা পড়েন। এতে তাঁর বুকের পাঁজরের হাড়, হাত ও মাথার খুলি ভেঙে যায়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।নিহত কামরুজ্জামানের মামা গোলাম মোহাম্মদ জোয়ার্দ্দার জানান, কামরুজ্জামান মালিবাগে এসবি পুলিশের ব্যারাকে থাকতেন, আবার সাভারের গেন্ডায় আরেক মামা রফিকুজ্জামান জোয়ার্দ্দারের সঙ্গেও থাকতেন। গতকাল সকাল সাতটার দিকে তিনি সাভার থেকে বের হন। বাংলামোটরে নেমে তাঁর এসবি কার্যালয়ে যাওয়ার কথা ছিল।গোলাম মোহাম্মদ আরও জানান, কামরুজ্জামানের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা সদরের গড়াইডুবিতে। তিনি কঙ্গোতে জাতিসংঘ মিশনে ১৩ মাস কর্তব্য পালন করে গত বছরের শেষ দিকে দেশে ফেরেন। তাঁর একমাত্র মেয়ে পঞ্চম শ্রেণীতে পড়ে। কামরুজ্জামানের বাবার নাম লাল মিয়া।নিহত কামরুজ্জামানের খালাতো ভাই পুলিশের নায়েক রেজাউল হক বাদী হয়ে এ ব্যাপারে রমনা থানায় মামলা করেছেন।গত রোববার প্রগতি সরণির কাছে (উত্তর বাড্ডা) তেলবাহী লরির ধাক্কায় রিকশারোহী দুই শিক্ষার্থী নাসিরউদ্দীন ও ইয়াসমিন আক্তার রিয়া নিহত হন। এর রেশ কাটতে না কাটতেই দুই বাসের মাঝে চাপা পড়ে মারা গেলেন কামরুজ্জামান।