এবার বিএনপি-ছাত্রলীগের বনভোজনে ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাথরঘাটার পর্যটন কেন্দ্র হরিণঘাটায় ও পৌর শহরে আজ শনিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপি ও বরগুনার পাথরঘাটা পৌর ছাত্রলীগ একই স্থানে বনভোজনের আয়োজন করায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পক্ষে গতকাল শুক্রবার রাতে পাথরঘাটা শহরে মাইকিং করে এ আদেশ প্রচার করা হয়। পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহরাব হোসেন ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করে প্রথম আলো অনলাইনকে বলেন, ‘দুই দল একই স্থানে বনভোজনের আয়োজন করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।’জানা গেছে, আজ সকালে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপি বরগুনার পাথরঘাটা উপজেলার পর্যটন কেন্দ্র হরিণঘাটায় বনভোজনের আয়োজন করে। পাথরঘাটা পৌর ছাত্রলীগের সভাপতি অনুপ কুমারও একই স্থানে বনভোজনের আয়োজন করার ঘোষণা দেন। মঠবাড়িয়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এস এম ফেরদৌসের অভিযোগ, ‘হীন রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য পাথরঘাটা পৌর ছাত্রলীগ একই স্থানে বনভোজনের আয়োজন করেছে। এটা অসুস্থ রাজনীতি ছাড়া আর কিছু নয়।’পাথরঘাটা পৌর ছাত্রলীগের সভাপতি অনুপ কুমার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘স্থানীয় সাংসদের মেয়ে আমাদের বনভোজন করার জন্য কিছু টাকা দিয়েছিলেন। আমরা সেই অর্থ দিয়ে আগেই হরিণঘাটায় দলীয় কর্মীদের নিয়ে বনভোজনের তারিখ নির্ধারণ করে রেখেছিলাম।’