সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) ভিত্তিতে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতু নির্মাণে বিভিন্ন দেশ বা প্রতিষ্ঠানকে আহ্বান জানানো হবে। কোনো দেশ আগ্রহ দেখালে দুই দেশের সরকারের মধ্যে আলোচনা হবে। অথবা কোনো প্রতিষ্ঠান এলে তারাই সেতু নির্মাণ করবে এবং চুক্তি অনুযায়ী অর্থ তুলে নেবে। এ জন্য ১০, ২০ বছর লাগুক, অসুবিধা নেই। পদ্মা সেতু হবেই।আজ শনিবার সন্ধ্যায় গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা বলেন। মিয়ানমার ও ইন্দোনেশিয়া সফর শেষ করে দেশে ফিরে প্রধানমন্ত্রী এই সংবাদ সম্মেলন করেন। তিনি দুই দেশ সফরে অর্জিত সাফল্য বর্ণনা ছাড়াও দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলেন।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে ছিলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।পিপিপির আওতায় বড় প্রকল্পগুলো বাস্তবায়নের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক টাকা দিলে তা অন্য খাতে খরচ হবে। পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করে শেখ হাসিনা প্রশ্ন তোলেন, ‘বিশ্বব্যাংক টাকা ছাড় দিয়েছে? যেখানে টাকাই ছাড় দেওয়া হয়নি, সেখানে দুর্নীতি হলো কীভাবে? এখন বিশ্বব্যাংককেই প্রমাণ করতে হবে যে কোথায় দুর্নীতি হয়েছে। মন্ত্রীকে (আবুল হোসেন) সরিয়ে তাদের সুবিধা করে দিয়েছি। এখন তারা প্রমাণ করুক।’দুর্নীতির কারণে মন্ত্রী বদলানো হয়নি: অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘সংসদীয় গণতন্ত্রে মন্ত্রিসভায় রদবদল স্বাভাবিক বিষয়। বিশ্ব্যাংকের দুর্নীতির অভিযোগ থেকে তা করা হয়নি। মন্ত্রিসভার কারও বিরুদ্ধে কোনো অপরাধ পাইনি। গত তিন বছরে এমন কোনো অভিযোগ কেউ প্রমাণ করতে পারেনি।’ তিনি বলেন, ‘বিশেষ কেউ মন্ত্রী হলে মন্ত্রিসভা শক্তিশালী, আর বিশেষ কেউ না থাকলে শক্তিশালী নয়—এ রকম ধারণা নিয়ে কেউ লেখালেখি করলে তো আমার করার কিছু নেই। বরং এবারের মন্ত্রিসভা ১৯৯৬ সালের চেয়ে অভিজ্ঞ। তখন একমাত্র আবদুস সামাদ আজাদের মন্ত্রিত্বের অভিজ্ঞতা ছিল। বাকি সবাই প্রথমবারের মতো মন্ত্রী ছিলেন। এবার মন্ত্রিসভার অনেকেই দ্বিতীয়বারের মতো মন্ত্রী হয়েছেন।’কে জিতল বা হারল তা বড় কথা নয়: সরকারি দলের প্রার্থীর পরাজয় ঠেকাতেই ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) ভাগ করা হয়েছে—বিরোধী দলের এই অভিযোগ সম্পর্কে জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, ‘এখন তো আরও সুবিধা হলো। তারা দুটোতে নির্বাচন করে জিতে যাক। আমরা তো নির্বাচনে হস্তক্ষেপ করি না। জনগণ শান্তিতে ও স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারলেই আমি খুশি। কে জিতল বা হারল, তা আমার দেখার বিষয় নয়।’ তিনি বলেন, জনসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই ডিসিসি ভাগ করা হয়েছে।