এবার ব্যাপকভাবে উৎসব আয়োজন করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ মঙ্গলবার থেকে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজন করছে পাঁচ দিনের ‘বিজয় উৎসব’। বিকেল চারটায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই উৎসব উদ্বোধন করবেন একাত্তরে হারিয়ে যাওয়া কিছু মানুষের স্বজন। এই আয়োজন নিয়ে বললেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ। এবারের উৎসবের পরিধি নিয়ে বলুন।নগরের বিস্তৃতির দিকে লক্ষ্য রেখে এবার ব্যাপকভাবে উৎসব আয়োজন করা হয়েছে। বিজয়ের ৪০ বছর, যুদ্ধাপরাধীর বিচার, মুক্তিযুদ্ধের চেতনায় নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার এর মূল লক্ষ্য। উৎসবের অনুষ্ঠানগুলো হবে দনিয়া বর্ণমালা স্কুলসংলগ্ন সড়ক, বাহাদুর শাহ পার্ক, বাংলাদেশ শিশু একাডেমীর শহীদ মতিউর মুক্তমঞ্চ, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, ধানমন্ডির রবীন্দ্রসরোবর, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ রায়ের বাজার, মিরপুর পল্লবী কামাল মজুমদার স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে। অনুষ্ঠান শুরু হবে প্রতিদিন বিকেল চারটায়।এই বিজয় উৎসব ঢাকার বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য কী?এই নগরে যে আবাসন অবকাঠামো গড়ে উঠেছে, তার কোনো জায়গায় সংস্কৃতি চর্চার ব্যবস্থা নেই। অথচ স্থানীয় সাংস্কৃতিক সংগঠন আছে। এই উৎসবের মধ্য দিয়ে দেশ-পরিচালনায় নীতিনির্ধারকদের চোখে আঙুল দিয়ে দেখাতে চাই, বিজয়ের ৪০ বছরেও এই নগরে সংস্কৃতি চর্চায় রাষ্ট্র কতটা উদাসীন। আমরা মনে করি, এই আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় বাসিন্দারা সাংস্কৃতিক কর্মকাণ্ড অব্যাহত রাখার লক্ষ্যে অবকাঠামোর একটি দাবি উত্থাপন করবেন। এবারের উৎসবে কী ধরনের আয়োজন থাকছে?বিভিন্ন স্থানে আয়োজিত সম্মিলিত সাংস্কৃতিক জোটের এবারের বিজয় উৎসবে দেড় শতাধিক সংগঠন অনুষ্ঠান পরিবেশন করবে। মুক্তিযুদ্ধের চেতনা ও যুদ্ধাপরাধীর বিচার—এই বিষয়কে প্রাধান্য দিয়ে থাকছে গণসংগীত, দলীয় আবৃত্তি, পথনাটক, নৃত্য, চলচ্চিত্র, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ও বরেণ্য শিল্পীদের একক পরিবেশনা। আপনারা কোনো শোভাযাত্রার পরিকল্পনা করেছেন?প্রতি বছরের মতো এবারও বিজয় দিবসের দিন সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ‘বিজয় শোভাযাত্রা’ বের করা হবে। ‘মুক্তিযুদ্ধের শেষ নাই যুদ্ধাপরাধীর ক্ষমা নাই’ এবারের উৎসবের স্লোগান। এই স্লোগান ভাবনায় রেখে শোভাযাত্রার নানা উপকরণ তৈরি হচ্ছে। আশা করি, শোভাযাত্রার মধ্য দিয়ে বিষয়টি মূর্ত হয়ে উঠবে।