এবার ভারতকেও চোখরাঙানি
অ্যান্ড্রু স্ট্রাউসকে মনে হচ্ছিল নিঃস্ব হয়ে যাওয়া এক মানুষ। সব খুইয়ে দিশেহারা। পরশু আয়ারল্যান্ড-দুঃস্বপ্নের পর ইংল্যান্ড অধিনায়ক নদীগর্ভে ভিটেমাটি হারিয়ে ফেলা সর্বস্বান্ত এক মানুষ হয়েই হাজির হয়েছিলেন সংবাদ সম্মেলনে।এই পরাজয়ের দায় নিজের কাঁধেই বেশির ভাগ নিয়ে নিলেন স্ট্রাউস। নেওয়ারই কথা। পরশু চরম বাজে ফিল্ডিং করেছে ইংল্যান্ড। তাতে ‘নেতৃত্ব’ দিয়েছেন খোদ অধিনায়ক। ৯১ রানে বল একবার আকাশে তুলে দিয়েছিলেন কেভিন ও’ব্রায়েন। খুব কঠিন ক্যাচ ছিল না, কিন্তু স্ট্রাউস নিজে হাতে লাগিয়েও বল মুঠোয় জমাতে পারেননি। ফেলে দিয়েছেন। ‘ক্যাচ মিস মানেই ম্যাচ মিস’—দিন শেষে এই আপ্তবাক্যই ধ্রুব সত্য হয়ে ধরা দিয়েছে ইংল্যান্ডের কাছে।পরাজিত স্ট্রাউস তাই বলেছেন, ‘সত্যি বলতে কি, আমাদের জন্য এটা অনেক বড় একটা আঘাত। তিক্ত হতাশাও। কারণ, মাঠে এদিনও আমরা অনেক বাজে খেলেছি। ক্যাচগুলো নেওয়া উচিত ছিল। আমি নিজেও ওর (কেভিন) ক্যাচ ফেলেছি। আরও তিনটা ক্যাচও পড়েছে। ম্যাচ শেষে সেটার মাশুলই গুনতে হয়েছে আমাদের, এতে কোনো সন্দেহ নেই।’ইংল্যান্ড মাশুল গুনেছে আরও একখানে। ব্যাটিং পাওয়ার প্লে। যে পাওয়ার প্লের ৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬২ রান তুলেছে আইরিশরা। ‘আমাদের বোলিং আরও ভালো হতে পারত। বিশেষ করে পাওয়ার প্লের সময়। আসলে আমরা একটু হকচকিয়ে গিয়েছিলাম। আর এ ধরনের উইকেটে প্রতিপক্ষকে এত সুযোগ দিলে সেটা পুষিয়ে ওঠা মুশকিল। এ ধরনের নিষ্প্রাণ উইকেটে কাউকে আউট করাই মুশকিল। তার ওপর ক্যাচ ফেলা মানে বিপদকে ডেকে আনা।’ বলেছেন স্ট্রাউস।ইংলিশ অধিনায়ক অবশ্য আশার দিকগুলোও তুলে ধরতে চাইলেন। অধিনায়ককে সেটি করতেই হয়। বোলিং-ফিল্ডিং যে রকমই হোক, ব্যাটিং ভালো হচ্ছে ইংল্যান্ডের। প্রথম তিন ম্যাচে ৯৬১ রান তুলেছে ইংলিশ ব্যাটসম্যানরা। ‘সামনে এখনো দীর্ঘ পথ। আমাদের বিশ্বকাপ কিন্তু শেষ হয়ে যায়নি।’ হাল না ছেড়ে মাথা তুলে লড়াইয়ের পরামর্শ দিলেন ইংল্যান্ড অধিনায়ক।মাথা উঁচুতে, আরও উঁচুতে উঠল আইরিশদের। আইসিসিকেও যেন একটা পাল্টা জবাব দিল তারা। গত দুই বিশ্বকাপে আলাদা করে নজর কাড়া এই দলটি কিনা খেলতে পারবে না আগামী বিশ্বকাপে! আইরিশ অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড অবশ্য এই জায়গায় অসহায়, ‘দেখুন, সিদ্ধান্তটা তো আইসিসির নেওয়া। আমাদের করার কিছু নেই। বিশ্বকাপ ১০ দলের মধ্যে নিয়ে যাওয়াটা অবশ্যই হতাশার। আমি নিজে মনে করি, বিশ্বকাপে সরাসরি সুযোগ না দিয়ে বাছাইয়ের সুযোগও রাখা উচিত।’বিশ্বকাপে অনেক বড় দলকে হারিয়েছে তারা। গতবার পাকিস্তানকেও বধ করেছে। তবে এই জয়টাকে আইরিশ ক্রিকেটের জন্যই সবচেয়ে স্মরণীয় জয়ই বলছেন পোর্টারফিল্ড, ‘আমাদের দেশের জন্য এটা সবচেয়ে বড় জয়। পাকিস্তানের বিপক্ষে জয়টা অবশ্য দারুণ ছিল, কিন্তু এটা সবচেয়ে বড়। বিশ্বকাপের ইতিহাসেও সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড গড়েছি আমরা।’এবার ভারতকেও চোখ রাঙানি দিচ্ছেন পোর্টারফিল্ড, ‘ওই ম্যাচের জন্য আমাদের প্রস্তুত হতে হবে। ওরা সহজে পার পাবে না।’ ওয়েবসাইট, এএফপি।