শেষ দিনেও লম্বা সারি গ্রন্থমেলার প্রবেশপথে, ভিড় ছিল ভেতরেও। প্রত্যাশার চেয়েও অধিক। গভীর রাত পর্যন্ত চলে শেষ দিনের বেচাকেনা।এবার মেলায় বিক্রির পরিমাণ গতবারের তুলনায় অনেক বেড়েছে। ভিড়ও ছিল বেশি। প্রকাশকেরা এতে খুশি। সমাপনী অনুষ্ঠানে মেলা কমিটির সদস্য-সচিব শাহিদা খাতুন তাঁর প্রতিবেদনে উল্লেখ করেন, এবার প্রায় ২৫ কোটি টাকার বই বিক্রি হয়েছে। গত বছর বিক্রি ছিল প্রায় ২০ কোটি টাকা। বাংলা একাডেমীর নিজস্ব বিক্রিও বেড়েছে। এবার একাডেমীর বিক্রি প্রায় ৭৩ লাখ টাকা, গত বছর ছিল ৬৮ লাখ টাকা। বিক্রি সম্পর্কে জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক ও আগামীর প্রকাশক ওসমান গনি বললেন, মেলা খুবই সুশৃঙ্খল হয়েছে। বিক্রিও বেড়েছে। তবে নেট ও পাইরেট বইয়ের ব্যাপারে আরও কড়াকড়ি ব্যবস্থা নিতে হবে।প্রকাশনা কমেছে: বিক্রি বাড়লেও এবার প্রকাশনার সংখ্যা কমেছে। একাডেমীর তালিকায় নতুন বইয়ের সংখ্যা তিন হাজার ১৩। গত বছর ছিল তিন হাজার ৩৫৪টি। এবার সবচেয়ে বেশি প্রকাশিত হয়েছে কাব্যগ্রন্থ ৬৯৯টি, উপন্যাস ৪৯১, গল্প ৩৮৯, প্রবন্ধ ২৩৮, গবেষণা ১১২, মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনবিষয়ক ১০৫, শিশুতোষ ১০২, ছড়া ১০১, জীবনী ৯২, রম্য ৭২, ভ্রমণ ৭০, বিজ্ঞান ও বৈজ্ঞানিক কল্পকাহিনি ৫৬টি করে, অনুবাদ ৪২, ইতিহাস ৩৩, চিকিৎসা ৩১, রাজনীতি ২৯, ধর্মীয় ২৫, নাটক ২১, কম্পিউটার ৯, অভিধান তিনটি। এ ছাড়া আছে বিবিধ প্রকাশনা।মানুষের বিপুল আগ্রহ: ‘আনন্দঘন সুশৃঙ্খল পরিবেশে, সুন্দরভাবে মেলা শেষ হলো। মেলার প্রতি মানুষের বিপুল আগ্রহে আমরা অভিভূত। পৃথিবীর আর কোথাও বই নিয়ে এত দীর্ঘ সময় ধরে এমন মেলা হয় না। মানুষের এই চেতনা ও সাংস্কৃতিক বোধকে একটি বিশেষ জায়গায় নিয়ে যেতে পারলে দেশের অবস্থা বদলে ফেলা যায় বলে আমার বিশ্বাস।’ বললেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। মেলার শেষ দিনে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাদের এখানে ইংরেজি, ফ্রেঞ্চ, স্প্যানিশ প্রভৃতি প্রধান ভাষার বই তেমন প্রকাশিত হয় না, তেমন পাঠকও নেই। সে কারণে এই মেলার অদূর ভবিষ্যতে সঠিক অর্থে আন্তর্জাতিক বইমেলা হয়ে ওঠার কোনো সম্ভাবনা নেই। সে কারণে বিশ্বের খ্যাতিমান লেখক, গবেষক ও বুদ্ধিজীবীদের এই মেলার সঙ্গে বিভিন্ন পর্যায়ে যুক্ত করে মেলাকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যেতে উদ্যোগ নিয়েছি।’ তিনি জানান, মেলার কলেবর যে বৃদ্ধি করা প্রয়োজন, তা সবাই উপলব্ধি করেছেন; কিন্তু জায়গার সমস্যা রয়েছে। সামনের সোহরাওয়ার্দী উদ্যান বা আণবিক শক্তি কমিশনের প্রাঙ্গণ পাওয়া যাচ্ছে না। সে কারণে আগামী বছর একাডেমীর সামনের প্রাচীর ভেঙে ফেলে টিএসসি থেকে দোয়েল চত্বর পর্যন্ত মেলা সম্প্রসারণের চিন্তাভাবনা চলছে।হুমায়ূন আহমেদ মেলায়: শেষ দিনের শেষ বেলায় মেলায় এলেন জনপ্রিয় ঔপন্যাসিক হুমায়ূন আহমেদ। সঙ্গে স্ত্রী মেহের আফরোজ শাওন ও পুত্র নিষাদ আহমেদ। সাড়ে পাঁচটার দিকে তাঁর বইয়ের প্রকাশক অন্যপ্রকাশের স্টলে আসামাত্র সেখানে উপচে পড়া ভিড়। সারি পড়ে গেল বইতে স্বাক্ষর নেওয়ার জন্য। বিরতিহীন স্বাক্ষর দেওয়ার ফাঁকে ফাঁকে বললেন, ‘ভেবেছিলাম শেষ দিনে লোক কম থাকবে। সেই সুযোগে একটু ঘুরেফিরে বেড়াব। কিন্তু দেখছি, সে ধারণা ভুল। মেলায় ঘুরতে পারলাম না।’ তিনি পাঠকদের বললেন, আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, সুস্থ থাকুন। শুভকামনা রইল সবার জন্য। সন্ধ্যার দিকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও আসেন অন্যপ্রকাশের স্টলে। মেলায় বিক্রি নিয়ে অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম সন্তুষ্ট। বললেন, এবার শঙ্কা ছিল বিক্রি নিয়ে। বিশ্বকাপ, তারপর এসএসসি পরীক্ষা, কিন্তু মেলায় লোক সমাগম কমেনি। গত ১০ বছরের মধ্যে এবার বিক্রি বেশি হয়েছে। তবে মেলার এই ‘বনসাই’ অবস্থা ঘুচিয়ে অবাধে বাড়তে দিতে হবে। লোকে এসে তো বই দেখতেই পারছেন না। যে নামটি তাঁরা খবরের কাগজে দেখে আসেন, সেই বইটিই কিনে নিয়ে যাচ্ছেন। স্টলগুলো আরও সুপরিসর হলে বিক্রি আরও বাড়ত।সমাপনী অনুষ্ঠান: বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। সভাপতিত্ব করেন অধ্যাপক কবীর চৌধুরী। স্বাগত বক্তব্য দেন একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। প্রতিবেদন উপস্থাপন করেন একাডেমীর পরিচালক ও মেলা কমিটির সদস্য-সচিব শাহিদা খাতুন। ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মামদুদুর রশীদ ও স্টেপ মিডিয়ার পরিচালক মোস্তাফা জাহিদ খান সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সন্ধ্যায় ছিল রবীন্দ্রসংগীত।প্রথমার সামনে ভিড়: শেষ দিনে প্রতিটি স্টলেই বিক্রি হয়েছে প্রচুর। প্রথমা প্রকাশনের সামনে রীতিমতো লাইন দিয়ে বই কিনেছেন ক্রেতারা। বিক্রয় ব্যবস্থাপক জানালেন, এবার মেলায় নতুন বইয়ের মধ্যে মুহম্মদ জাফর ইকবালের প্রডিজি এবং পুরোনো বইয়ের মধ্যে একাত্তরের চিঠি সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। এ ছাড়া মুক্তিযুদ্ধবিষয়ক বইগুলোর কাটতি ছিল প্রচুর।নতুন বই: শেষ দিনেও মেলায় নতুন বই এসেছে ৮৯টি। নজরুল মঞ্চে মোড়ক উন্মোচিত হয়েছে ২৪টি বইয়ের। নতুন বইগুলোর মধ্যে ছিল বাংলা একাডেমীর রবীন্দ্রনাথ ঠাকুর, এটি গত ৪৫ বছরে একাডেমীতে রবীন্দ্রবিষয়ক যত প্রবন্ধ পঠিত এবং একাডেমীর পত্রপত্রিকায় যত প্রবন্ধ ছাপা হয়েছে, তার সংকলন। ফলে বিশ্বকবিকে আমাদের দেশের চিন্তকেরা কে কোন দৃষ্টিভঙ্গিতে দেখেছেন, তার সামগ্রিক পরিচয় পাওয়া যাবে এই বইয়ে। গতিধারা থেকে প্রকাশিত হয়েছে ওয়াকিল আহমদের বাংলায় বিদেশী পর্যটক। ইবনে বতুতা থেকে শুরু করে যেসব বিদেশি পর্যটক বাংলায় এসেছেন, তাঁদের ভ্রমণবৃত্তান্ত এবং সেসবের বিশ্লেষণ রয়েছে এতে। আগামী প্রকাশ করেছে সন্তোষ গুপ্তের অনিরুদ্ধের কলাম। সংবাদে যে কলামগুলো তিনি লিখেছেন, এটি তার সংকলন, পান্না কায়সারের উপন্যাস ছায়াসঙ্গী। নিমফিয়া প্রকাশ করেছে ট্রাভেলস ট্যুর বাংলাদেশ। অমিতাভ দেউড়ি এর প্রধান সমন্বয়কারী। এ ছাড়া আছে মাওলা থেকে আনোয়ার কবিরের গবেষণাগ্রন্থ ফাঁসির মঞ্চে তের জন। বৈশাখী থেকে আসাদ চৌধুরীর কবিতা শতদলের মাঝখানে। অনিন্দ্য থেকে দ্বিজেন শর্মার বিজ্ঞানবিষয়ক জীবনের শেষ নেই। অ্যাডর্ন থেকে মুহাম্মদ হাবিবুর রহমানের প্রবন্ধ যে ভাষা ছড়িয়ে গেল সবখানে। নবযুগ থেকে রামেন্দু মজুমদার সম্পাদিত আবদুল্লাহ আল-মামুন সৃজনে ও মননে, সংগীতজ্ঞ রামকানাই দাশের আত্মজীবনী সঙ্গীত ও আমার জীবন। কেভিন নিকসজেলের কবিতা বৃষ্টি ও ছন্দের কাব্য। একাডেমিক প্রেস অ্যান্ড পাবলিশার্স থেকে মোস্তফা সারওয়ারের কবিতা বিনষ্ট রূপান্তরের বিকারতত্ত্ব ইত্যাদি।