এবার ভৈরবের সেতুতে লাশ!
এবার মেঘনা নদীর সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর মধ্যে নূর আহম্মদ (৩২) নামে এক ব্যক্তির লাশ পাওয়া গেল। গতকাল বুধবার ভোরে সেতুর ভৈরব প্রান্ত থেকে লাশটি উদ্ধার করে ভৈরব থানার পুলিশ।কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আলীনগর গ্রামের ওই ব্যক্তি দিনমজুরের কাজ করতেন।এর আগে গত সোমবার সকাল ১০টার দিকে ওই সেতুর অদূরে দুটি লাশ ভাসতে দেখেন জেলেরা। ৩৭ ঘণ্টা ভেসে থাকার পর একটি লাশের দায় নিয়েছে নরসিংদীর বেলাব থানার পুলিশ। আরেকটি লাশ কোথায় ভেসে গেছে জানা যায়নি।এ নিয়ে এক বছরের ব্যবধানে সেতুর চারপাশ থেকে ১১টি লাশ উদ্ধার করল তিন থানার পুলিশ। উদ্ধার হওয়া বেশির ভাগ লাশের মাথায় ছিল গুলির চিহ্ন। ছিল হাত-পা বাঁধা ও বস্তাবন্দী।স্থানীয় ব্যক্তিদের ভাষ্যমতে, প্রতিদিন অনেক মানুষ সৈয়দ নজরুল ইসলাম সেতুতে প্রাতর্ভ্রমণ করে। গতকাল ভোরে লাশটি প্রথম দেখতে পায় প্রাতর্ভ্রমণকারীরা। পরে তারা পুলিশে খবর দেয়। ওই ব্যক্তির পরনে ছিল জিনেসর প্যান্ট, গায়ে জামা ছিল না।এলাকাবাসীর ধারণা, হত্যা শেষে লাশটি নদীতে ফেলতে এনেছিল দুর্বৃত্তরা। কোনো কারণে তা না পারায় সেতুতে ফেলে যায়।তবে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আলমগীর হোসেন বলেন, নূর আহম্মদের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন আছে। বাসের চাপা বা ধাক্কার আঘাতে তাঁর মৃত্যু হতে পারে। তবু সব দিক বিবেচনা করা হচ্ছে। লাশটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।পুলিশের সঙ্গে একমত হতে পারেননি নূর আহম্মদের ছোট ভাই সম্রাট হোসেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আমার ভাইয়ের মৃত্যু হলে শরীর থেকে তো জামা খুলে যাওয়ার কথা নয়।’সম্রাট বলেন, তাঁর ভাই ভৈরব, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জসহ বিভিন্ন স্থানে শ্রমিকের কাজ করতেন। অনেক সময় গ্রামেও চলে যেতেন।লাশের দায়: মঙ্গলবার রাত ১১টার দিকে লাশটিকে নদী থেকে ডাঙায় ওঠায় বেলাব থানার পুলিশ। ময়নাতদন্তের জন্য গতকাল সকালে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।উদ্ধার হওয়া ওই লাশটির পরিচয় পাওয়া যায়নি। নরসিংদীর রায়পুরা উপজেলার মাহমুদাবাদ এলাকার বাসিন্দা বাচ্চু মিয়া আশঙ্কা করেছিলেন যে লাশটি তাঁর নিখোঁজ ছেলে রাসেলের। এ নিয়ে গতকাল প্রথম আলোর শেষের পাতায় ‘সেতুর কাছে আরও দুই লাশ, তিন থানার ঠেলাঠেলি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।মঙ্গলবার রাতে লাশটি উদ্ধার করার পর বাচ্চু মিয়া নিশ্চিত হন যে লাশটি তার ছেলের নয়।