এবার মন্ত্রণালয়ের বিরুদ্ধে অভিযোগ শ্রমিকনেতাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের অবনতিশীল পরিস্থিতির জন্য এবার শ্রমিকনেতারা নৌপরিবহন মন্ত্রণালয় এবং সংসদীয় কমিটির দুই সদস্যের অযাচিত হস্তক্ষেপকে দায়ী করেছেন। তাঁরা অভিযোগ করেন, বন্দরের চেয়ারম্যান কমোডর আর ইউ আহমেদকে নিয়মানুযায়ী কাজ করতে দেওয়া হচ্ছে না।আজ রোববার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে শ্রমিকনেতারা এসব অভিযোগ তুলে ধরেন। তাঁরা সংসদীয় কমিটি প্রত্যাহারেরও দাবি জানান। এর আগে গতকাল শনিবার বন্দর ব্যবহারকারীদের সঙ্গে গোলটেবিল বৈঠকে ব্যবসায়ীরা বন্দরের অবনতিশীল পরিস্থিতির জন্য সরাসরি নৌ মন্ত্রণালয় ও সংসদীয় কমিটিকে দায়ী করেন।আজ সংবাদ সম্মেলনে ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, সংসদীয় কমিটি ও মন্ত্রণালয়ের হস্তক্ষেপের কারণে সাধারণ কার্গো জেটির দরপত্রে ১১ বার শর্ত বদল করা হয়েছে। সংসদীয় কমিটি ও মন্ত্রণালয়ের নির্দেশমতো বন্দরের যেসব কর্মকর্তা কাজ করেননি, সেসব দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাদের বদলি করা হয়েছে। এই শ্রমিকনেতা আরও অভিযোগ করেন, প্রায় ৬০০ কোটি টাকা ব্যয়ে নিউমুরিং কনটেইনার টার্মিনাল তৈরি হলেও মন্ত্রণালয়ের কারণে পুরোপুরি চালু হচ্ছে না। ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের দরপত্র তৈরি হলেও জেটি না করার জন্য সংসদীয় কমিটি থেকে বাধা আসছে। একইভাবে বন্দরের নিরাপত্তার জন্য হুমকি হলেও সংরক্ষিত এলাকায় কর্ণফুলী কনটেইনার টার্মিনালের নির্মাণ বেসরকারি খাতে ছেড়ে দিতে চায় সংসদীয় কমিটি। শ্রমিকনেতারা অভিযোগ করেন, শ্রমিক-কর্মচারীদের কল্যাণে সুযোগ-সুবিধা চালু করার কথা বলে এখন চালু হচ্ছে না। তাঁরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ জন্য শ্রমিক অসন্তোষ হলে তার দায়-দায়িত্ব তাঁরা নেবেন না।অবশ্য শনিবার নৌমন্ত্রী শাজাহান খান বন্দর ব্যবহারকারীদের সঙ্গে গোলটেবিল বৈঠকে মন্ত্রণালয় ও সংসদীয় কমিটির এই হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেন। ওই বৈঠকেও ব্যবহারকারীরা সংসদীয় কমিটি ও মন্ত্রণালয়ের হস্তক্ষেপের অভিযোগ করেন।সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি গোলাম মোহাম্মদ চৌধুরী, সহসভাপতি ইসকান্দর মিয়া, যুগ্ম সম্পাদক আবদুল আহাদ প্রমুখ বক্তব্য দেন।