এবার মমতার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা
বিচারব্যবস্থা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি আদালত অবমাননার মামলা গ্রহণ করেছেন কলকাতা হাইকোর্ট। আজ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্ত এবং বিচারপতি অসীম কুমার ঘোষের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এ-সংক্রান্ত আবেদন শুনানি শেষে কলকাতার দুটি ইংরেজি দৈনিক এবং দুটি টেলিভিশন নিউজ চ্যানেলকে হলফনামা দিয়ে তাঁদের বক্তব্য পেশ করতে বলেছেন। হাইকোর্ট এ জন্য তিন সপ্তাহের সময় বেঁধে দিয়েছেন। কলকাতা হাইকোর্টের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যসহ বেশ কয়েকজন আইনজীবী আজ হাইকোর্টে আবেদন জানিয়ে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বিচারব্যবস্থা নিয়ে যেসব মন্তব্য করেছেন, তা আদালত অবমাননার শামিল। তাই আদালত এ ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে একটি আদালত অবমাননার মামলা করেন। আইনজীবীদের এই আবেদনের শুনানি শেষে ডিভিশন বেঞ্চ প্রকৃত তথ্য জানার জন্য কলকাতার দুটি সংবাদপত্র এবং দুটি টেলিভিশন চ্যানেলকে তিন সপ্তাহের মধ্যে হলফনামা পেশ করার নির্দেশ দেন।আইনজীবীরা আবেদন করার সময় টেলিভিশনে প্রচারিত মুখ্যমন্ত্রীর বক্তব্যের সিডি এবং সংবাদপত্রে প্রকাশিত খবরের কাটিং জমা দেন। গত মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভার ৭৫তম পূর্তি উত্সবে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ভাষণে বলেন, ‘কখনো কখনো টাকা দিয়ে বিচার কেনা যাচ্ছে।’ তিনি বলেন, ‘আমি নিজে জানি কোনো কোনো ক্ষেত্রে টাকার বিনিময়ে বিচারের রায় হচ্ছে। এ জন্য সব বিচারপতি দোষী নন। অথচ বিচার বিভাগ আমাদের সবচেয়ে বড় এবং প্রধান স্তম্ভ।’ প্রসঙ্গত, রাজ্য মানবাধিকার কমিশন মমতা এবং রেলমন্ত্রী মুকুল রায়কে নিয়ে তৈরি কার্টুন ই-মেইলে প্রেরণ করার দায়ে হেনস্তা হওয়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রসায়ন শাস্ত্রের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র এবং তাঁর আবাসনের সমবায় সমিতির সম্পাদক সুব্রত সেনগুপ্তকে ক্ষতিপূরণ হিসাবে এক লাখ রুপি জরিমানা করে তা তাঁদের দেওয়ার নির্দেশ দেন। এতেই ক্ষুব্ধ হয়ে মমতা ওই মন্তব্য করেন বলে রাজনৈতিক পর্যবেক্ষকেরা মনে করছেন।হাইকোর্টে মামলা দায়ের করার খবর শোনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকেলে রাজ্য সচিবালয় মহাকরণে এক সংবাদ সম্মেলনে বলেছেন, তাঁর মন্তব্য নিয়ে অযথা রাজনীতি করা হচ্ছে। তিনি দ্রুত বিচার ব্যবস্থার কথা বলেছেন, বলেছেন প্রশাসনিক সংস্কারের কথা। তিনি বিচারপতিদের ‘চোর’ বলেননি। এদিকে আজ কলকাতায় কংগ্রেস-সমর্থিত আইনজীবীরা বিক্ষোভ মিছিল বের করেন। তাঁরা মমতাকে ওই মন্তব্য প্রত্যাহার করার দাবি জানান।