এবার মরা পদ্মায় সেচ দিয়ে প্রভাবশালীদের মাছ শিকার
নদীতে জালের বাঁধ দিয়ে মাছ শিকারের পর এবার প্রভাবশালীরা মাটির বাঁধ তৈরি দিয়ে শ্যালমেশিন বসিয়ে পানি সেচে মাছ শিকার করছেন।সরেজমিনে দেখা গেছে, একটি চক্র রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বদিউজ্জামান বেপারীপাড়া ও বাহাদুরপুর (একাংশ) এলাকায় মরা পদ্মা নদীতে বাঁধ দিয়ে পানি সেচে মাছ ধরছে। বরাট মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের নামে ইজারা নেওয়া এই জলমহালের তত্ত্বাবধানকারী স্থানীয় কয়েকজন মাছ ধরার ব্যবস্থা করেন।স্থানীয় সূত্রে জানা গেছে, গোসল ও রান্নাবান্নার ব্যবহার্য পানির জন্য স্থানীয় মানুষের একমাত্র ভরসা এই মরা পদ্মা নদী। এই পানি সেচে মাছ ধরায় তাদের বেশ অসুবিধা হচ্ছে। এ ছাড়া দেশীয় মাছের বংশ ক্রমশ বিলুপ্ত হয়ে যাচ্ছে।বদিউজ্জামান বেপারীরপাড়ার বাসিন্দা মশিউর রহমান, গৃহবধূ আমেনা খাতুন, শিউলি বেগমসহ কয়েকজন জানান, বাড়ির সামনে তাঁদের নিজস্ব জমি থাকা সত্ত্বেও কীভাবে এই জমি লিজ দেওয়া হয় এটিই তাঁদের বোধগম্য নয়। জলায় প্রভাবশালীরা নামকাওয়াস্তে কিছু পোনামাছ ছেড়ে এখন নদীর সব মাছ ধরে নিচ্ছেন। পানি সেচে মাছ শিকার করায় তাঁদের চরম সমস্যা হচ্ছে। বেশ কয়েক বছর ধরে এ অবস্থা চলায় প্রাকৃতিক বহু প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে গেছে। এমন অবস্থা চলতে থাকলে বাকি যেসব মাছ দেখা যাচ্ছে, তাও বিলুপ্ত হয়ে যাবে বলে তাঁরা আশঙ্কা করেন।মাছ ধরার কাজ তদারকির দায়িত্বে থাকা মজিবর রহমান মোল্লা বলেন, ‘বরাট মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের কাছ থেকে ৬০ হাজার টাকায় সাব লিজ নিয়ে আমরা এ এলাকার কয়েকজনের সহায়তায় মাছ ছেড়েছি। ওই মাছ ধরতেই সেচ দিয়ে পানি সরানো হচ্ছে।’গোয়ালন্দ উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা সাইদ আহাম্মেদ বলেন, ‘নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার সম্পূর্ণভাবে অবৈধ। সেচ দিয়ে মাছ ধরলে সব ধরনের মাছের ডিম, পোনা ও মা মাছ সমূলে ধ্বংস হয়ে যায়। এ ছাড়া মরা পদ্মা নদীতে সেচ দিয়ে মাছ ধরার বিষয়টি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসির উদ্দীন বলেন, ‘আমার কাছে এ ধরনের অভিযোগ কেউ দেয়নি। এলাকাবাসী অভিযোগ দিলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’