এবার মহানবীর কার্টুন ছাপল স্প্যানিশ পত্রিকা
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিকৃত চলচ্চিত্র নির্মাণ এবং ফরাসি পত্রিকায় ব্যঙ্গচিত্র প্রকাশকে কেন্দ্র করে মুসলমানদের প্রতিবাদ-বিক্ষোভ-সহিংসতায় বিশ্ব যখন কাঁপছে, তখন স্পেনের রাজনৈতিক ব্যঙ্গ পত্রিকা ‘এল খোয়াজেভ’-এর প্রচ্ছদে ছাপানো হলো মহানবীর (সা.)-এর ব্যঙ্গাত্মক কার্টুন।রয়টার্সের খবরে আজ বৃহস্পতিবার বলা হয়, গতকাল বুধবারে ‘এল খোয়াভেজ’-এর নতুন সংখ্যাটি বাজারে এসেছে। এতে কার্টুনের মাধ্যমে মহানবী (সা.)-কে ব্যঙ্গ করা হয়। প্রসঙ্গত, মহানবী (সা.)-এর কোনো ছবি আঁকা ইসলাম ধর্মে নিষিদ্ধ। কিন্তু, এ ধরনের কার্টুন বা চিত্র আঁকা ও প্রচার এবং এর ওপর সেন্সরশিপ আরোপ নিয়ে পশ্চিমা দুনিয়ায় ব্যাপক বিতর্ক শুরু হয়েছে।রয়টার্সের প্রতিবেদকেরা আজ স্প্যানিশ পত্রিকাটির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইলে তাঁরা রাজি হননি। তবে পত্রিকার সম্পাদক ‘মেয়েতে কুইলেজ হাফিংটন পোস্ট’কে বলেছেন, চলমান ঘটনাবলির পরিপ্রেক্ষিতে একটু হাস্যকৌতুক করাই ছিল তাঁদের উদ্দেশ্য।হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে চলচ্চিত্র নির্মাণের পর লিবিয়া ও মিসরসহ বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতার পর গত সপ্তাহে ফরাসি পত্রিকা ‘শার্লি হেবদো’ মহানবী (সা.)-কে নিয়ে কার্টুন ছেপে বিক্ষোভের আগুনে ঘি ঢালে।মিসরে স্পেনের দূতাবাস গতকাল বুধবার মিসরে অবস্থানকারী স্পেনের নাগরিকদের উদ্দেশে বার্তা পাঠিয়ে যেকোনো ঝামেলা থেকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। তবে আরব দেশগুলো নিরাপত্তার ব্যবস্থা জোরদার করবে কি না, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, ‘আমরা এখনো চিন্তা করে দেখছি কী পদক্ষেপ নেওয়া যায়।’