লিমনের ওপর হামলার দুদিন পর এবার তার মা-বাবা, ভাইসহ ১০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন সেই ইব্রাহীম হাওলাদার।গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে নালিশি মামলাটি করা হয়। বিচারক নুসরাত জাহান অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের জন্য রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, লিমনের বিরুদ্ধে র্যাবের অস্ত্র মামলার অন্যতম সাক্ষী ইব্রাহীম হাওলাদারের করা এই হত্যা মামলায় লিমনের মা হেনোয়ারা বেগম, বাবা তোফাজ্জেল হোসেন, ভাই হেমায়েত হোসেন, মামা সিদ্দিক হোসেন, সাতুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপির নেতা হেমায়েত হোসেন, পলাতক সন্ত্রাসী মোরশেদ জমাদ্দার, মোরশেদের ভাগনে সুমন সিকদার, সাবেক ইউপি সদস্য মো. শাহিন, স্থানীয় কৃষক মো. মোতালেব হোসেন ও ফিরোজ জমাদ্দারকে আসামি করা হয়েছে। এঁদের মধ্যে মোরশেদ জমাদ্দার ও সুমন সিকদার র্যাবের করা অস্ত্র মামলারও আসামি। এঁদের গ্রেপ্তার করতে র্যাব দেড় বছর ধরে চেষ্টা চালাচ্ছে। লিমনের মা হেনোয়ারা বেগম অভিযোগ করেন, ‘গত ১ জুলাই রাজাপুর থানার পুলিশ লিমনকে হত্যা-প্রচেষ্টার মামলা থেকে ছয় র্যাব সদস্যকে অব্যাহতি দিয়ে আদালতে ফাইনাল রিপোর্ট দিয়েছে। ৩০ আগস্ট ওই মামলার ধার্য তারিখে যাতে আমি নারাজি আবেদন করতে না পারি, সে জন্য র্যাবের সোর্স ইব্রাহীম র্যাবের ডিএডি লুৎফর রহমানের নির্দেশে এ কাল্পনিক হত্যা মামলা দায়ের করেছে।’ মামলার অভিযোগে র্যাবের কথিত ‘সোর্স’ ইব্রাহীম দাবি করেন, গত সোমবার ঈদের দিন বিকেল সোয়া চারটায় আসামিরা ইব্রাহীমকে হত্যার জন্য চারদিক থেকে ঘিরে ফেলে। তাঁর শ্যালক মো. ফোরকান হাওলাদার তাঁকে রক্ষা করতে গেলে আসামিরা একযোগে ফোরকানকে চেপে ধরে কিল-ঘুষি মারেন এবং পদদলিত করেন। এতে ঘটনাস্থলেই ফোরকান মারা যান এবং তিনি গুরুতর আহত হন।উল্লেখ্য, গত সোমবার ঈদের দিন বিকেলে ইঁদুরবাড়ি সেতুর কাছে লিমন, লিমনের মা ও ভাইয়ের ওপর হামলা চালান ইব্রাহীম হাওলাদার। এতে লিমন ও তার মা আহত হন। ঘটনাস্থলের অদূরে সাতুরিয়া ফোরকানিয়া মাদ্রাসার সামনে হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ইব্রাহীমের শ্যালক মো. ফোরকান হাওলাদার।ইব্রাহীমের বড় বোন নিলুফার ইয়াসমিন বলেন, ‘ইব্রাহীমের সঙ্গে মারামারি হচ্ছে—এ খবর পেয়ে ফোরকান বাড়ি থেকে ইঁদুরবাড়ি সেতুর দিকে ছুটে যাচ্ছিল। পথিমধ্যে আমাদের বাড়ি ও ফোরকানিয়া মাদ্রাসার সামনে সে অসুস্থ হয়ে পড়ে। আমাদের ঘরে আনার পরে সে মারা যায়।’রাজাপুর থানার ওসি তোফাজ্জেল হোসেন বলেন, ফোরকান অসুস্থ হয়ে হঠাৎ মারা যাওয়ার পর তাঁর বোন লিলি বেগম (ইব্রাহীমের স্ত্রী) মৃত্যুর কারণ উদ্ঘাটনের জন্য একটি আবেদন করেন। আবেদনটি অপমৃত্যু মামলা হিসেবে লিপিবদ্ধ করে লাশের সুরতহাল ও ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। ওসি বলেন, ‘শুনেছি, একই ঘটনায় আদালতে একটি নালিশি মামলা করা হয়েছে। আদালতের নির্দেশ হাতে পেলে নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’নতুন করে মামলা করার খবর পেয়ে লিমন প্রথম আলোকে বলে, ‘র্যাবের সোর্স মানিক জমাদ্দার ও ইব্রাহীম হাওলাদারের অত্যাচারে আমি বাড়িতে থাকতে না পেরে পিরোজপুরের কাউখালীতে থাকি, আমার বাবা থাকেন ঢাকায়। আমার মা, ভাই-বোনকে বাড়িছাড়া করতে ইব্রাহীম এ মামলা করেছে।ইব্রাহীমের করা মামলার আরেক আসামি সাতুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হেমায়েত হোসেন বলেন, ‘বিগত ইউপি নির্বাচনে আমি পরাজিত হই। বর্তমান চেয়ারম্যান সিদ্দিকুর রহমান এবং পরাজিত প্রার্থী নূরুল আলম আমাকে হয়রানি করার জন্য এ মামলায় আমার নাম ডুকিয়েছে। কিছুদিন আগে নূরুল আলম আমাকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এ বিষয় আমি মামলাও করেছি। সে কারণে ওরা আমার ওপর ক্ষিপ্ত।’ঢাকায় অবস্থানরত লিমনের বাবা তোফাজ্জেল হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি দেড় বছর যাবৎ ঢাকায় ব্যবসা করি। ঈদের দিনও বাড়িতে যাই নাই। আমাকে আসামি দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়, শুধু লিমন নয়, গোটা পরিবারকে ওরা ধংস করতে চায়।’লিমনের মায়ের আইনজীবী মানিক আচার্য্য দাবি করেন, র্যাবের গুলিতে পঙ্গু হওয়া লিমনের প্রতি সারা দেশের মানুষের সহানুভূতি রয়েছে। এটা নষ্ট করতে, তার পরিবারকে বিতর্কিত করতে এবং লিমনকে সন্ত্রাসীদের সহযোগী হিসেবে প্রমাণ করার জন্য র্যাবের সোর্সরা অতি উৎসাহী হয়ে এ মামলা করেছে।অবশ্য ইব্রাহীম দাবি করেন, তাঁর শ্যালককে কৌশলী আঘাত করে হত্যা করা হয়েছে। থানা-পুলিশ নিরপেক্ষ নয়, তাই তিনি আদালতে মামলা করেছেন।র্যাবের বক্তব্য: গতকাল র্যাবের সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লিমনের ওপর হামলাকারী ইব্রাহীম হাওলাদারকে সংবাদমাধ্যমে র্যাবের সোর্স বলে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক। ইব্রাহীমের সঙ্গে র্যাবের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।